কলকাতায় সেরা পূজার জমকালো শোভাযাত্রা

পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার পুরস্কারপ্রাপ্ত ৩৯টি দুর্গা প্রতিমাকে নিয়ে গতকাল শুক্রবার হলো এক জমকালো শোভাযাত্রা। দুর্গাপূজা গত মঙ্গলবার শেষ হলেও বুধবার পবিত্র আশুরা হওয়ায় এ বিসর্জনের সময় ১৪ অক্টোবর পর্যন্ত বাড়িয়ে দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি একই সঙ্গে ঘোষণা দেন কলকাতায় দেবীর বিসর্জন হবে বাবুঘাটের গঙ্গাঘাটে বিশেষ শোভাযাত্রার মাধ্যমে।
বাছাই করা সেরা দুর্গা প্রতিমাকে নিয়ে গতকাল শুক্রবার বিকেল পাঁচটায় কলকাতার রেড রোডে আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠানের। এখানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মন্ত্রী, সাংসদ, বিধায়ক এবং বুদ্ধিজীবী, সাংস্কৃতিক কর্মীসহ নগরের বিশিষ্টজনেরা।
আগেই ঘোষণা দেওয়া হয় প্রতিটি বিজয়ী পূজা কমিটি বিসর্জন শোভাযাত্রায় ব্যবহার করতে পারবে তিনটি করে ট্রাক। থাকতে পারবেন ১০০ কর্মী। রেড রোডে তৈরি করা হয় বিশেষ মঞ্চ। মঞ্চের সামনে প্রতিটি পূজা কমিটি তাদের সদস্য ও শিল্পীদের নিয়ে পরিবেশন করে নানা অনুষ্ঠান। অনুষ্ঠানের শিরোনাম ছিল ‘পূজা শেষে ঠাকুর দেখা’।
প্রতিমা বিসর্জন দেওয়ার জন্য এই বর্ণাঢ্য শোভাযাত্রা রেড রোড ধরে নেতাজির মূর্তি, ইডেন গার্ডেন্স পার হয়ে যায় গঙ্গার তীরের বাবুঘাটে। সেখানকার ১৭টি ঘাটে আনুষ্ঠানিকভাবে প্রতিমা বিসর্জন দেওয়া হয়।