কলকাতায় ৫ দিনব্যাপী বিজয় উৎসব

১৫ ডিসেম্বর শুক্রবার থেকে কলকাতায় শুরু হচ্ছে বাংলাদেশ বিজয় উৎসব। এ উৎসব চলবে পাঁচ দিনব্যাপী। আজ বুধবার বিকেলে কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে বিজয় উৎসবের নির্ঘণ্ট ঘোষণা করেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার তৌফিক হাসান। এ সময় উপস্থিত ছিলেন উপহাইকমিশনের হেড অব চ্যান্সারি বি এম জামাল হোসেন, কাউন্সিলর মনসুর আহমেদ, প্রথম সচিব (প্রেস) মোফাকখারুল ইকবাল প্রমুখ। গত ছয় বছর ধরে কলকাতার বাংলাদেশ উপহাইকমিশনের উদ্যোগে এ বিজয় উৎসব চলছে কলকাতায়।
সংবাদ সম্মেলনে ডেপুটি হাইকমিশনার তৌফিক হাসান জানান, শুক্রবার বিকেলে কলকাতার বাংলাদেশ উপহাইকমিশন চত্বরে এ উৎসবের উদ্বোধন করবেন বাংলাদেশের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। এ ছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এ উৎসব চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত। ১৯ ডিসেম্বর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিশেষ অতিথি থাকবেন পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়।
এবারও এ বিজয় উৎসব ঘিরে পাঁচ দিনই থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা সভা। থাকছে নজরুলগীতি, রবীন্দ্রসংগীত, লোকগীতি, বাউলগান, লালনগীতি, আধুনিক গান, নৃত্য, গীতিনাট্য, নাটকসহ বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক তথ্যচিত্র ও চলচ্চিত্র প্রদর্শনী। এসব অনুষ্ঠানে যোগ দেবেন বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বিভিন্ন শিল্পী এবং সাংস্কৃতিক সংগঠন।