কলকাতায় 'ইতিহাস কথা কয়'

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯তম শাহাদাত্ বার্ষিকী উপলক্ষে কলকাতায় ‘ইতিহাস কথা কয়’ শীর্ষক এক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে কলকাতার আইসিসিআর (ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন্স) ভবনের রবীন্দ্রনাথ ঠাকুর সেন্টারের নন্দলাল বোস গ্যালারিতে ছয় দিনব্যাপী এই আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়।
কলকাতার বাংলাদেশ উপহাইকমিশন এবং আইসিসিআরের যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনীর উদ্বোধন করেন কলকাতার বিশিষ্ট কবি পংকজ সাহা ও চট্টগ্রামের প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অনুপম সেন। এই আলোকচিত্রর সংগ্রাহক শাহাবুদ্দিন মজুমদার।
প্রদর্শনীতে ৩২০টি আলোকচিত্র স্থান পেয়েছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং যুদ্ধের আগের ও পরের (১৭৫৭-১৯৭৫) নানা আলোকচিত্র স্থান পেয়েছে। এই প্রদর্শনীতে যোগ দিতে বাংলাদেশ থেকে ৩৩ সদস্যের একটি প্রতিনিধিদল এসেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন বাংলাদেশের শিক্ষাবিদ মো. সানাউল্লাহ, যুগ্ম সচিব আলী আহমেদ, মফিজুর রহমান, প্রখ্যাত শিল্পী পূর্ণদাস বাউল, আইসিসিআরের আঞ্চলিক অধিকর্তা রাজেশ্বরী বেহারা প্রমুখ। সভাপতিত্ব করেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার আবিদা সুলতানা।
অনুষ্ঠানে আলোচকেরা বলেন, এই আলোকচিত্র প্রদর্শনীর মাধ্যমে মানুষ বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে আরও বেশি করে জানতে পারবে। এই আলোকচিত্রেই ফুটে উঠেছে বাংলাদেশের মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদানের নানা চিত্র। বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। আর বাংলাদেশ মানে বঙ্গবন্ধু। এই আলোকচিত্র প্রদর্শনী দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর করবে।
আলোকচিত্র প্রদর্শনীর পাশেই একটি কাচের ঘরে রাখা হয় মুক্তিযুদ্ধে চট্টগ্রামে নিহত মানুষের বেশকিছু হাড়গোড়। এগুলির সংগ্রাহক শাহাবুদ্দিন মজুমদার। তিনি বলেন, ১৯৭১ সালে চট্টগ্রামের পতেঙ্গার কামানটিলা বধ্যভূমি থেকে এগুলি উদ্ধার করা হয়। ওই সময় এই এলাকার শীলপাড়ার ৭৬ জন সংখ্যালঘুকে হত্যা করে মাটিচাপা দেওয়া হয় এই বধ্যভূমিতে।