কলেজ স্কয়ারে সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারির প্রতিবাদ
কলকাতার ঐতিহ্যবাহী একটি এলাকা হলো কলেজ স্কয়ার। এখানে রয়েছে কলেজ স্ট্রিট, ঐতিহাসিক কলকাতা বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, হিন্দু স্কুল, কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতাল, হেয়ার স্কুল, সংস্কৃত কলেজ, ঐতিহাসিক কফি হাউসসহ কলকাতার ঐতিহ্যবাহী বইপাড়া।
সম্প্রতি এই কলেজ স্কয়ারে পশ্চিমবঙ্গ সরকার সব ধরনের মিছিল ও সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। সেই সরকারি নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা করেছেন আইনজীবী সব্যসাচী চ্যাটার্জি।
কলেজ স্কয়ারে সমাবেশ করার ওপর নিষেধাজ্ঞা জারির প্রতিবাদে আজ মঙ্গলবার দুপুরে বাম দলের ডাকে সমাবেশ অনুষ্ঠিত হয়। কলকাতার শিয়ালদহ, মহম্মদ আলি পার্ক ও অন্যান্য জায়গা থেকে আসা কয়েক হাজার মানুষের প্রতিবাদ মিছিলে অংশ নেয়। মিছিলে অংশ নেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু, সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রসহ বামফ্রন্টের শরিক দলের নেতারা। প্রতিবাদ সমাবেশে নেতারা বলেন, কলেজ স্কয়ার গণতান্ত্রিক আন্দোলনের পীঠস্থান। আমরা মানছি না এ নির্দেশ। কলেজ স্কয়ারে মিটিং মিছিল চলবে।