কসাইদের কষ্ট

ভারতের উত্তর প্রদেশে মাংসের দোকানে সরকারি খড়্গ নেমে আসায় অনেক ব্যবসায়ী ও কসাই এখন ঘোরতর বিপদে। কর্মসংস্থান ও অর্থের অভাবে তাঁরা কষ্টে আছেন।
সম্প্রতি রাজ্যের এলাহাবাদ নগরে বেশ কিছু ভুক্তভোগী মাংস ব্যবসায়ী ও কসাইয়ের মুখোমুখি হন বিবিসির বিকাশ পান্ডে। তাঁকে নিজেদের দুঃখ-দুর্দশার কথা শুনিয়েছেন উত্তর প্রদেশের মাংস ব্যবসায়ী ও কসাইরা।
অনেক দিন ধরে মাংস বিক্রির পেশায় আছেন শাকিল আহমদ (৫২)। হতাশা নিয়ে তিনি বলেন, দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। এখন তাঁর কাছে অর্থকড়ি নেই। জীবিকার অন্য কোনো উপায়ও জানেন না। এ অবস্থায় সংসার চলবে কীভাবে, তা বুঝতে পারছেন না তিনি।
রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ওপর ক্ষুব্ধ শাকিলের প্রশ্ন, একজন মুসলমান বা মাংস ব্যবসায়ী বলেই কি আজ তাঁর এই ভোগান্তি?
বিজেপির নির্বাচনী ইশতেহারে রাজ্যে অবৈধ কসাইখানা বন্ধের কথা ছিল। কট্টর হিন্দুত্ববাদী আদিত্যনাথ বিজেপির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েই এ ব্যাপারে প্রশাসনিক ব্যবস্থা নেন।
মাংস ব্যবসায়ীদের অভিযোগ, অবৈধ কসাইখানা বন্ধে মুখ্যমন্ত্রীর নির্দেশের পর বৈধ-অবৈধনির্বিশেষে ব্যবসায়ীদের হয়রানি করা হচ্ছে। বন্ধ করে দেওয়া হচ্ছে মাংসের দোকান ও কসাইখানা। ছাগল ও মুরগির মাংস বিক্রির দোকানগুলোও বন্ধ করতে বাধ্য করা হচ্ছে।
উত্তর প্রদেশে গরুর মাংস নিষিদ্ধ। তবে সেখানে বৈধভাবে মহিষ, ছাগল, ভেড়া, মুরগি জবাই হয়ে আসছিল। রাজ্যের অনেক মানুষ এই পেশা দিয়ে তাঁদের জীবিকা নির্বাহ করে আসছিলেন। এখন তাঁরা জীবিকা নিয়ে সংকটে পড়েছেন।
রাজ্যের অধিকাংশ কসাই মুসলমান। তাঁদের ধারণা, তাঁরা অন্যায্য আচরণের শিকার হচ্ছেন।
এ প্রসঙ্গে শাকিলের প্রশ্ন, গরুর বিষয়টি নাহয় বোঝা গেল। কিন্তু ছাগল-ভেড়ার মাংস বিক্রেতাদের কেন শায়েস্তা করা হচ্ছে?
শাকিল বলেন, তাঁর মতো অধিকাংশ কসাই দৈনিক আয়ের ওপর নির্ভরশীল। বছরের পর বছর এই পেশায় থাকায় তাঁদের অন্য দক্ষতাও নেই।
শাকিলের ১০ সদস্যের পরিবার। জনবহুল এলাকায় দুই কক্ষের ছোট্ট বাড়িতে তাঁদের বসবাস। শাকিল জানান, পেশাগত লাইসেন্স নবায়নের জন্য আবেদন করেছিলেন। কিন্তু তা প্রত্যাখ্যান করেছে কর্তৃপক্ষ। তাঁকে বর্জ্য ব্যবস্থাপনার ইউনিট স্থাপন করতে বলা হয়েছে। কিন্তু এই ইউনিট করার সামর্থ্য তাঁর নেই।
শাকিলের মা ফাতিমা বেগম জানালেন, তাঁদের সম্প্রদায় (কমিউনিটি) ঐতিহ্যগতভাবে মাংস ব্যবসা করে জীবন-জীবিকা চালিয়ে আসছে। এই সম্প্রদায়ের পুরুষদের অন্য বিষয়ে দক্ষতা নেই।
ফাতিমা বেগম বলেন, ‘আমরা এমনিতেই গরিব। আর এখন আমাদের খাবার কোত্থেকে আসবে, তা জানি না। তারা (কর্তৃপক্ষ) হয়তো আমাদের মেরে ফেলতে চায়।’
বয়সের কারণে ফাতিমা বেগমকে প্রতিদিন ওষুধ নিতে হয়। তাঁর ওষুধ ফুরিয়ে আসছে। কিন্তু এ কথা ছেলেকে বলেননি। কারণ, তাতে ছেলের দুশ্চিন্তা আরও বাড়াতে পারে।
শাকিলের স্ত্রী হুসনা বেগম সন্তানদের শিক্ষার ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন। সন্তানেরা শিক্ষিত হয়ে দারিদ্র্য জয় করবে—এমন স্বপ্ন তাঁর। হুসনা বেগম বলেন, ‘সন্তানদের সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখা কি অপরাধ?’
একই এলাকার মোহাম্মদ শারিক ইতিমধ্যে তাঁর মাংসের দোকান বন্ধ করে দিয়েছেন। তিনি জানালেন, তাঁর লাইসেন্স আছে। কিন্তু হামলার ভয়ে দোকান বন্ধ করে দিতে হয়েছে।
শারিকের ভয়ের কারণ মোটেও অমূলক নয়। রাজ্যে একাধিক মাংসের দোকানে হামলা হয়েছে বলে গণমাধ্যমে খবর এসেছে।
শারিক জানালেন, অবস্থা এমন পর্যায়ে পৌঁছায় যে, তিনি মুরগিও বিক্রি করতে পারছিলেন না।
১০ জন মানুষের ভরণপোষণের দায়িত্ব শারিকের কাঁধে। তাঁর ঘরের অবস্থা নড়বড়ে। রুটি-রুজির একমাত্র পথও রুদ্ধ।
শারিকের ভাই পি কোরেশি। জানালেন, তাঁরা সবাই ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। তাঁদের সমস্যার কথা মুখ্যমন্ত্রী বুঝবেন বলে প্রত্যাশা তাঁর।
সম্প্রদায়টির সব বাড়ির গল্প একই।
আবদুল কোরেশি পশু বহনের কাজ করেন। উদ্ভূত পরিস্থিতিতে ১০ দিন ধরে কাজের জন্য বাইরে যাননি তিনি। তাঁর ভাষ্য, রাজ্যে মাংস ব্যবসার বিরুদ্ধে যেসব তৎপরতা চলছে, তা খুবই অযৌক্তিক। কারণ, হিন্দুরাও তো মাংস খায়।
ভাষান্তর: সাইফুল সামিন