কাঁটাতারের বেড়া নির্মাণে নাগাল্যান্ডের আপত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীমান্তে মিয়ানমারের কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে ভারতের নাগাল্যান্ড রাজ্যের বাসিন্দারা তীব্র আপত্তি জানিয়েছেন। তাঁরা এ নির্মাণকাজ বন্ধ করার এবং ভারতের তরফে এ ব্যাপারে মিয়ানমার সরকারকে অনুরোধ জানানোর দাবি তুলেছেন।

এ কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে নাগাল্যান্ড সরকার যোগাযোগ করেছে। ইতিমধ্যে রাজ্য বিধানসভায় এ-সংক্রান্ত একটি বিল সর্বসম্মতিক্রমে পাস হয়েছে।

নাগাল্যান্ডের সঙ্গে মিয়ানমারের ২১৫ কিলোমিটার সীমান্ত রয়েছে। দুই দেশের নাগরিকদের অবাধ চলাচলের অনুমতিও আছে। সীমান্ত পারাপারে তাঁদের কোনো পাসপোর্ট-ভিসা লাগে না। কিন্তু আন্তসীমান্ত অপরাধ রুখতে মিয়ানমারের কর্তৃপক্ষ ওই সীমান্তে কাঁটাতারের বেড়া দিচ্ছে।

ইউনাইটেড নাগা কাউন্সিল, নাগা ছাত্র ফেডারেশন থেকে শুরু করে বিভিন্ন সংগঠন দাবি তুলেছে, নাগাল্যান্ডের তুয়েংসাং জেলার নোকলাক এলাকায় কাঁটাতারের বেড়ার নির্মাণকাজ অবিলম্বে বন্ধ করতে হবে।

নাগা জনগোষ্ঠীর অভিযোগ, এই বেড়া নির্মিত হলে দুই পারের বাসিন্দারাই সমস্যায় পড়বেন। কারণ, তাঁদের মধ্যে দীর্ঘদিনের আত্মীয়তার বন্ধন রয়েছে। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী পি লঙ্গন বলেন, সীমান্তে বেড়া হলে কম করে সাড়ে তিন হাজার একর কৃষিজমি নষ্ট হবে। এটা স্থানীয় অর্থনীতিতে ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলবে।

নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী টি আর জেলিয়াং সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে আলোচনায় ওই বেড়ার বিষয়ে আপত্তির কথা জানিয়েছেন। জবাবে রাজনাথ বলেছেন, বিষয়টি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মিয়ানমারের সঙ্গে কথা বলবে।