কাঁঠালের পেছনে ৮০ কোটি রুপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেঘালয়ের কাঁঠাল। ছবি: প্রথম আলো।
মেঘালয়ের কাঁঠাল। ছবি: প্রথম আলো।

ভারতের ত্রিপুরার আনারস আর মেঘালয়ের কাঁঠালে মজেছেন এ দুই রাজ্যের মানুষ। নতুন সরকার গঠনের পর এ দুই রাজ্যের দুই তরুণ মুখ্যমন্ত্রীই দুই ফলকে বিদেশে বাজারজাত করার চেষ্টা করছেন। এর বাইরে আনারস বা কাঁঠাল থেকে বিভিন্ন ধরনের খাদ্যসামগ্রী তৈরির চেষ্টাও চালিয়ে যাচ্ছে ত্রিপুরা ও মেঘালয় সরকার। রাজ্য সরকার ৮০ কোটি রুপি খরচ করবে কাঁঠালের পেছনে।

ত্রিপুরার মতোই বাংলাদেশ সীমান্তবর্তী মেঘালয়েও কাঁঠাল ও আনারস হয় প্রচুর। গত মার্চ মাসে নতুন সরকার গঠনের পর মুখ্যমন্ত্রী কনার্ড কে সাংমা রাজ্যে উৎপাদিত কাঁঠাল বাজারজাত করার ওপর জোর দেন। এ লক্ষ্যেই গতকাল শুক্রবার মেঘালয়ের রাজধানী শিলংয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো কাঁঠাল উৎসব। এতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী কনার্ড সাংমা, কৃষিমন্ত্রী বেইনেডোর লিংডো প্রমুখ।

উৎসবে মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের ‘খসড়া কাঁঠাল নীতি’ প্রকাশ করেন। কাঁঠাল থেকে রাজ্যের অর্থনীতির বিকাশের পথ বাতলানো আছে এই খসড়া প্রস্তাবে।

শিলংয়ে কাঁঠাল উৎসবের প্রকাশিত হচ্ছে কাঁঠাল নীতিমালা। ছবি: প্রথম আলো।
শিলংয়ে কাঁঠাল উৎসবের প্রকাশিত হচ্ছে কাঁঠাল নীতিমালা। ছবি: প্রথম আলো।

অনুষ্ঠানে কনার্ড বলেন, ‘কাঁঠাল অত্যন্ত উপকারী ও সুস্বাদু ফল। এর গুণাগুণ অনেক। রাজ্যে উৎপাদনও হয় প্রচুর। কিন্তু বাজারজাত করার সঠিক কোনো পরিকল্পনা নেওয়া হয়নি। ফলে উৎপাদক দাম পান না।’ কাঁঠাল থেকে বিভিন্ন খাদ্যসামগ্রী উৎপাদনের কথাও বলেন তিনি। বাংলাদেশসহ অন্যান্য দেশে রপ্তানির প্রস্তাবও রয়েছে খসড়া নীতিমালায়। রাজ্য সরকার ৮০ কোটি রুপি খরচ করবে কাঁঠালের পেছনে।

ত্রিপুরাতে প্রচুর কাঁঠাল উৎপাদিত হলেও ত্রিপুরা সরকার এখন রাজ্যের ‘কুইন’ আনারসকে বাজারজাত করতে চাইছে। রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব প্রথম থেকেই আনারসের হাত ধরে রাজ্যের অর্থনীতিকে চাঙা করতে সক্রিয়।

বিপ্লব দেবের উদ্যোগে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোমিন্দ সম্প্রতি ত্রিপুরার কুইন আনারসকে রাজ্য ফল হিসেবে ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রী নিজে এই আনারসের দুবাইযাত্রার সূচনা করেন।

ত্রিপুরার কুইন আনারসকে সম্প্রতি রাজ্য ফল হিসেবে ঘোষণা করেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ছবি: প্রথম আলো।
ত্রিপুরার কুইন আনারসকে সম্প্রতি রাজ্য ফল হিসেবে ঘোষণা করেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ছবি: প্রথম আলো।

বিপ্লব দেবের দাবি, ত্রিপুরার মতো এত সুস্বাদু আনারস দুনিয়ার কোথাও নেই। এই আনারস বিদেশে পাঠালে রাজ্যের যেমন লাভ হবে, তেমনি চাষিরাও পাবেন ন্যায্য দাম।

কনার্ড যেমন শিলংয়ে কাঁঠাল উৎসব করছেন, তেমনি বিপ্লব মন্ত্রিসভার কৃষি ও পর্যটনমন্ত্রী প্রণজিৎ সিংহরায় ত্রিপুরার কুইন আনারস কলকাতায় নিয়ে গিয়ে করে এসেছেন বিশেষ প্রদর্শনী।

দুই মুখ্যমন্ত্রীর দুই ফল নিয়ে বাড়তি উৎসাহে বাজারে দুটি ফলের দাম এবার বেড়েছে। কিন্তু এর সুফল ফল উৎপাদক কতটা পাচ্ছেন, সেই প্রশ্নও উঠতে শুরু করেছে।