কাজে নেমে পড়লেন কেজরিওয়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অরবিন্দ কেজরিওয়াল
অরবিন্দ কেজরিওয়াল

এখনো মুখ্যমন্ত্রী পদে শপথ নেননি, কিন্তু বুধবার থেকেই কাজ শুরু করে দিলেন আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল। দেখা করলেন নগর উন্নয়নমন্ত্রী ভেঙ্কাইয়া নাইডু ও স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে। রাজ্যপাটে সহযোগিতা প্রার্থনার পাশাপাশি দিল্লিকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিও জানিয়ে রাখলেন।
রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গেও দেখা করতে সময় চেয়েছেন কেজরিওয়াল। আর কাল বৃহস্পতিবার দেখা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। সবাইকেই তিনি আমন্ত্রণ জানাচ্ছেন ১৪ ফেব্রুয়ারি রামলীলা ময়দানে তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠানে আসার জন্য। আমন্ত্রণ গ্রহণ করেছেন সবাই, কিন্তু যাবেন কি না, সেই প্রতিশ্রুতি কেউ দেননি।
কেজরিওয়ালের দল যাতে জিততে না পারে বিজেপি সে জন্য ২২ জন কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির সাতজন সাংসদকে ময়দানে নামিয়েছিল। কাজেই গোটা মন্ত্রিসভা তো বটেই, রাজধানীর সাত এমপিকেও কেজরিওয়াল শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ জানাচ্ছেন। আর বিশেষ অনুরোধ জানিয়েছেন দুর্নীতির বিরুদ্ধে তাঁর একদা সহযোদ্ধা ও এই ভোটের প্রতিপক্ষ কিরণ বেদীকে। তবে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও তাঁর ছেলে রাহুলকে রামলীলা ময়দানে আসার অনুরোধ জানাচ্ছেন কি না, আম আদমি পার্টি (এএপি) সূত্রে তা জানা যায়নি। একদা গুরু প্রবীণ গান্ধীবাদী আন্না হাজারেকেও আমন্ত্রণ জানিয়েছেন কেজরিওয়াল। তবে আন্না দিল্লি আসতে পারছেন না।

যে দুই মন্ত্রীর সঙ্গে বুধবার কেজরিওয়াল ও তাঁর সহকর্মী বিধায়ক মনীশ সিসোদিয়া দেখা করেন, তাঁদের সঙ্গেই দিল্লির ভাবী মুখ্যমন্ত্রীর সংঘাত। সংঘাতের কারণ, দিল্লি যেহেতু ভারতের রাজধানী, সে জন্য রাজ্য হলেও পুলিশ ও জমির মালিকানা দিল্লির সরকারের নয়। দিল্লি পুলিশ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন এবং দিল্লির যাবতীয় জমি কেন্দ্রীয় নগর উন্নয়ন মন্ত্রকের আওতায়। এই দুইয়ের অধিকার পেতে বিজেপি দীর্ঘদিন ধরে দিল্লিকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়ার দাবি জানিয়ে আসছে। এবারেই প্রথম তারা ‘ভিশন ডকুমেন্ট’-এ সেই দাবির কোনো উল্লেখ করেনি। এএপি অবশ্য সেই দাবিতে অনড়। নির্বাচনে এই দাবিটি বড় করে তুলেও ধরেছিলেন তাঁরা। বুধবারের বৈঠকে কেজরিওয়াল পুলিশ নিয়ে রাজনাথ সিং এবং জমির ব্যবহারের বিষয়ে ভেঙ্কাইয়ার সঙ্গে কথা বলেন।
বৈঠকের পর সিসোদিয়া জানান, মোট চারটি বিষয় নিয়ে তাঁরা ভেঙ্কাইয়ার সঙ্গে কথা বলেছেন। বিভিন্ন প্রকল্পে উচ্ছেদ হওয়া দরিদ্রদের জন্য ক্ষতিপূরণে কেন্দ্রীয় সহায়তা, অবৈধ কলোনিগুলির বৈধকরণে কেন্দ্রীয় সিদ্ধান্ত দ্রুত রূপায়ণে দিল্লি উন্নয়ন পর্ষদ (ডিডিএ) ও পুরসভাগুলির সক্রিয় সাহায্য, স্কুল-কলেজ-হাসপাতাল ও গাড়ি পার্কিংয়ের জন্য প্রয়োজনীয় জমির বন্দোবস্ত করা এবং অবশ্যই দিল্লিকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া। রাজনাথ সিংয়ের সঙ্গে আলোচনায় ভাবী মুখ্যমন্ত্রীর নিরাপত্তার বিষয়টি ওঠে। নিয়ম অনুযায়ী মুখ্যমন্ত্রীর যে নিরাপত্তা (জেড প্লাস) পাওয়ার কথা, তা নিতে কেজরিওয়ালের আপত্তি প্রবল। আগেরবারেও ছিল, এখনো যে আছে তা সিসোদিয়া জানিয়েছেন। কীভাবে এর মীমাংসা হবে, তা এখনো অজানা।
সংঘাতের আরও একটি জায়গা জন লোকপাল। দুর্নীতি রোধে এই বিলের আওতায় ডিডিএ বা দিল্লি পুলিশের মতো কেন্দ্রীয় সরকারের অধীন কর্মীদের বিরুদ্ধে তদন্তের অধিকার দিল্লির মুখ্যমন্ত্রীর হাতে ছিল। ৪৯ দিনের রাজত্বে রাজ্যের দুর্নীতি রোধ বিভাগকে সক্রিয় করে তুলতে চেয়েছিলেন কেজরিওয়াল। নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হওয়ার তিন মাসের মধ্যেই কেন্দ্রীয় অধীনে থাকা বিভাগীয় কর্মীদের বিরুদ্ধে দুর্নীতির তদন্তের অধিকার রাজ্যের দুর্নীতি রোধ বিভাগের হাত থেকে কেড়ে নেন। এর ফলে জন লোকপাল অর্থহীন হয়ে পড়ে বলে কেজরিওয়াল ও তাঁর দলের ধারণা। এর মীমাংসা এএপি এবার করতে চায়। কারণ, দলের মতে, দুর্নীতি সবচেয়ে বেশি এই বিভাগগুলিতেই।
আগেরবারের সংক্ষিপ্ত শাসনে কেন্দ্র রাজ্য সম্পর্কে সংঘাত প্রাধান্য পেয়েছিল। এবার সহযোগিতার আবহে শুরু করছে দুই পক্ষই।