কাঠুয়া থেকে শিক্ষা নেবে বিজেপি?

র্যাডক্লিফ লাইন দিয়ে কাশ্মীরকে কেটে দুই টুকরো করেছিল ঔপনিবেশিক শাসকেরা। সেই থেকে ভূস্বর্গের নন্দনকানন মলিন হতে শুরু করে। ভারত-পাকিস্তানের ঝগড়াঝাঁটির আঁচ আসতে থাকে দুই কাশ্মীরে। তা থেকে অস্থিরতার সূচনা। এভাবেই একসময়ের গোলাপবাগানে বুলেট-বোমার ফলনের সূত্রপাত। এবার তাতে যুক্ত হয়েছে ভয়ের রাজনীতি।
ভারতশাসিত জম্মু-কাশ্মীরের সেই ভয়ের রাজনীতিতে সবচেয়ে বেশি পীড়নের শিকার হচ্ছেন সংখ্যালঘু জনগোষ্ঠীর লোকজন। এর মধ্যে যেমন মুসলিমরা আছে, তেমনি আছে উপজাতি ও যাযাবরেরা। গত জানুয়ারি মাসে নিখোঁজ হয়েছিল কাশ্মীরের কাঠুয়া অঞ্চলের যাযাবর জাতিগোষ্ঠীর আট বছর বয়সী এক কন্যাশিশু। এ ঘটনার প্রায় এক সপ্তাহ পর বনের মধ্যে পাওয়া যায় প্রাণহীন শিশুটির দেহ। পরে পুলিশের তদন্তে জানা যায়, সাত দিন একটি হিন্দু মন্দিরে আটকে রাখা হয়েছিল গুজ্জার জাতিগোষ্ঠীর এই কন্যাশিশুকে। তাকে ঘুমের ওষুধ খাইয়ে একাধিকবার ধর্ষণ করা হয়। এরপর হত্যা করা হয় শিশুটিকে। শুধু যৌন লালসা নয়, এই বীভৎসতার পেছনে আছে জাতি ও ধর্মভিত্তিক ঘৃণা এবং উচ্ছেদের অভীপ্সা।
জানুয়ারিতে মেয়ে নিখোঁজ হওয়ার পর থেকেই তার বাবা বিহিতের জন্য পুলিশের দ্বারে দ্বারে ঘুরেছেন। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবরে জানা গেছে, পুলিশের কাছে প্রথমে অভিযোগ পাত্তাই পায়নি। পরে শিশুটির লাশ উদ্ধারের পর মামলা হলেও প্রাথমিকভাবে তা ধামাচাপা দেওয়ার চেষ্টা চলে। শেষে বিশেষ তদন্ত দলের চেষ্টায় বের হয়ে আসে ভয়ংকর তথ্য। জানা যায়, আট বছরের শিশুটির প্রতি ন্যূনতম দয়া দেখায়নি অপরাধীরা। ১৮ পৃষ্ঠার সেই অভিযোগপত্র প্রকাশিত হওয়ার পরই ভারতের জাতীয় সংবাদমাধ্যমগুলো এ ঘটনায় সরব হয়ে ওঠে। সারা দেশজুড়ে শুরু হয় ব্যাপক প্রতিবাদ-বিক্ষোভ। নারী নির্যাতনের ঘটনায় ২০১৩ সালের নির্ভয়া–কাণ্ডের পর এটি ভারতের সবচেয়ে আলোচিত ঘটনায় পরিণত হয়।

তুমুল প্রতিবাদের মধ্যেই আরও বিস্ফোরক কাণ্ড ঘটিয়ে বসেন ভারতশাসিত কাশ্মীরের ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতারা। তাঁরা আবার রাজ্য সরকারের মন্ত্রীও। নাম চৌধুরী লাল সিং ও চন্দর প্রকাশ গঙ্গা। কাঠুয়ায় শিশু ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার অভিযুক্ত ব্যক্তিদের মুক্তির দাবিতে মিটিং-মিছিল করেন ওই দুই মন্ত্রী। এরপরই প্রতিবাদের আগুনে ঘি পড়ে। প্রবল বিক্ষোভের মুখে পিছু হটে বিজেপি। বিজেপির কেন্দ্রীয় নেতারা জম্মু-কাশ্মীরে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা শুরু করেন। শেষে দুই নেতাকে ‘সাবেক মন্ত্রী’ বানিয়ে আপাতভাবে সরকার টেকায় বিজেপি। শিশু ধর্ষণের ঘটনায় কড়া বক্তব্য দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে শাসকদলের সংখ্যালঘুবিরোধী মন্তব্য ও কার্যকলাপ বন্ধ হয়নি।
কাঠুয়ার এই ঘটনাকে এখন রাজনীতির বিভিন্ন রঙে রাঙানোর চেষ্টা চলছে। বিরোধী দল কংগ্রেস শুরু থেকে প্রতিবাদী না হলেও, রাজনৈতিক সুবিধা নিতে একে হাতিয়ার বানিয়েছে। বামপন্থী ও অন্যান্য মধ্যপন্থী দলও বিজেপির বিরুদ্ধে এককাট্টা হয়েছেন। জম্মু-কাশ্মীরের ক্ষমতায় এখন আছে মেহবুবা মুফতির নেতৃত্বাধীন পিপলস ডেমোক্রেটিক পার্টি (পিডিপি) ও বিজেপির জোট সরকার। রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন, স্থানীয় ক্ষোভকে কাজে লাগিয়ে এককভাবে ক্ষমতায় আসার চেষ্টা চালাতে পারেন বর্তমান মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। সে ক্ষেত্রে স্থানীয় ও জাতীয় রাজনীতিতে বিজেপির অবস্থাই সবচেয়ে কোণঠাসা। তাদের প্রধান অস্ত্র শুধু সাম্প্রদায়িকতা ও তথাকথিত ‘হিন্দুরাষ্ট্র’ গড়ে তোলার আশ্বাস।

কী ঘটেছিল কাঠুয়ায়?
কাঠুয়ার ঘটনায় ভারতের জাতীয় সংবাদমাধ্যমগুলো এপ্রিলের শুরুর দিকে দৃষ্টি দিলেও জম্মু-কাশ্মীরে এ নিয়ে গত জানুয়ারি মাস থেকেই উত্তেজনা ছিল। বিশেষ তদন্ত দলের দেওয়া ১৮ পৃষ্ঠার অভিযোগপত্রে বলা হয়েছে, আট বছরের নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের ঘটনায় মূলত জড়িত ছিলেন রাজ্যের সাবেক সরকারি কর্মকর্তা সাঞ্জি রাম, তাঁর ছেলে বিশাল এবং সাঞ্জি রামের কিশোর ভাইপো। তবে ওই শিশুকে শুধু এঁরা নয়, আরও অনেকে ধর্ষণ করেছেন। এ জন্যই তাকে স্থানীয় রাসানা গ্রামের একটি মন্দিরে আটকে রাখা হয়েছিল। ওই মন্দিরের পুরোহিত ছিলেন সাঞ্জি রাম। ধর্ষকদের মধ্যে পুলিশের এক কর্মকর্তাও ছিলেন।
কাঠুয়ার আদালতে এই অভিযোগপত্র দায়েরের আগ থেকেই অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান জোরদার হয়। তাতেই বিক্ষুব্ধ হন স্থানীয় হিন্দু নেতা ও আইনজীবীরা। হিন্দু একতা মঞ্চ নামের একটি সংগঠনের ব্যানারে বিক্ষোভ মিছিল করে জানানো হয়, শিশু ধর্ষণের ঘটনায় কাউকে আটক বা হয়রানি করা যাবে না। ওই সময় আয়োজিত এক সমাবেশে শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় আর কাউকে গ্রেপ্তার না করতে পুলিশের প্রতি নির্দেশ দেন তৎকালীন মন্ত্রী চৌধুরী লাল সিং ও চন্দর প্রকাশ গঙ্গা। দুই মন্ত্রীর এই ভূমিকায় অসন্তুষ্ট হন মুখ্যমন্ত্রী মেহবুবা। পরে বিজেপির কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে পদত্যাগপত্র জমা দেন মন্ত্রীদ্বয়।
মেহবুবা মুফতির দলের সঙ্গে জোট টিকিয়ে রাখতে কাশ্মীরে আনাগোনা বেড়ে যায় বিজেপির কেন্দ্রীয় নেতাদের। গত ৩০ এপ্রিল ব্যাপক রদবদল এনে রাজ্যের মন্ত্রিসভা পুনর্গঠন করা হয়। জম্মু ও কাশ্মীর রাজ্যের নতুন উপমুখ্যমন্ত্রী হন বিজেপি নেতা কাভিনদার গুপ্ত (৫৯)। সাবেক মন্ত্রীদের সঙ্গে সুর মিলিয়ে তিনি বলেন, আট বছরের কন্যাশিশুকে ধর্ষণ ও হত্যা একটি ‘ছোট্ট ঘটনা’! নতুন মন্ত্রীদের শপথ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
দেশব্যাপী প্রতিবাদের মুখে শেষমেশ মুখ খোলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। তিনি বলেন, কাঠুয়ায় শিশু ধর্ষণের ঘটনা একটি সভ্য সমাজের জন্য লজ্জার। কোনো অপরাধীকে ছাড়া হবে না, ন্যায়বিচার নিশ্চিত করা হবে। অপরাধীদের বিচার নিশ্চিত করতে চেষ্টার কোনো ত্রুটি রাখবে না ভারত সরকার।

ধর্ষণ-হত্যা কেন?
ভারতের জনপ্রিয় ইংরেজি সাপ্তাহিক ইন্ডিয়া টুডের এক বিশ্লেষণে বলা হয়েছে, এই ধর্ষণ ও হত্যার ঘটনা পরিকল্পিত। জম্মু-কাশ্মীরের যাযাবর জাতিকে উচ্ছেদ করাই এর উদ্দেশ্য। এই ঘটনায় সংশ্লিষ্ট ছিল পুলিশও। নিখোঁজ হওয়ার পর অবহেলা ও মামলা হওয়ার পর ধামাচাপা দেওয়ার চেষ্টার পেছনে ছিল যাযাবরদের তাড়ানোর কৌশল।
দিল্লি ইউনিভার্সিটির অধ্যাপক অপূর্বানন্দ ইন্ডিয়া টুডেকে বলেছেন, কাঠুয়ার ঘটনা ‘জাতিগত নির্মূলের’ একটি উদাহরণ। দোষী ব্যক্তিদের গ্রেপ্তারের পরিপ্রেক্ষিতে হিন্দু একতা মঞ্চ গঠন ও এর কর্মকাণ্ডের মূল উদ্দেশ্য হলো জম্মু শহরের আশপাশে আশ্রয় নেওয়া সাত হাজার মুসলিম রোহিঙ্গা শরণার্থীকে উচ্ছেদের দাবি আদায় করা। এ ছাড়া গুজ্জার ও বকরওয়াল নামের স্থানীয় যাযাবর গোষ্ঠীকেও রাজ্য থেকে বের করে দিতে চায় বিজেপি ও হিন্দু নেতারা। কারণ, এই যাযাবর জাতির লোকেরা সেখানকার বনসম্পদের ওপর নির্ভর করে জীবিকা নির্বাহ করে থাকে। তাদের সেই অধিকার আনুষ্ঠানিকভাবে দিয়ে দেওয়ার বিষয়টি এখনো নাকচ করেনি সরকার। এবার এর একটি হেস্তনেস্ত চান স্থানীয় হিন্দু নেতারা। বনসম্পদের ওপরও অবাধ কর্তৃত্ব পেতে চান তাঁরা।
সংবাদমাধ্যম ডিএনএ ইন্ডিয়ার এক বিশ্লেষণে বলা হয়েছে, কাশ্মীরের জম্মু এলাকার মোট জনসংখ্যার ৬৪ শতাংশ হিন্দু ধর্মাবলম্বী। জম্মুর দুটি প্রধান অঞ্চল হলো চিনাব ও পির পাঞ্চাল উপত্যকা। এই দুই উপত্যকাতেই মুসলিমদের আধিক্য আছে। সব মিলিয়ে আছে ২৯ শতাংশ মুসলিম, ২৩ শতাংশ হিন্দু ব্রাহ্মণ, ২০ শতাংশ নিম্নবর্ণের, ১২ শতাংশ রাজপুত এবং প্রায় ৭ শতাংশ শিখ।
ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার কন্যাশিশুটি গুজ্জার জাতিগোষ্ঠীর। পুরো রাজ্যে এই জাতিগোষ্ঠীর মানুষ আছে প্রায় ১১ শতাংশ। ধর্মীয় পরিচয়ে তারা মুসলিম। সরকারিভাবে তাদের শিডিউলড ট্রাইব বা তফসিলি উপজাতি হিসেবে অভিহিত করা হয়। তারা স্থানীয় বনসম্পদে নিজেদের অধিকার চায়। আর এই জায়গাতেই সংখ্যাগরিষ্ঠ হিন্দু নেতাদের মুখোমুখি দাঁড়িয়ে যাচ্ছে গুজ্জাররা। এই জাতিগোষ্ঠীর প্রতিনিধিদের অভিযোগ, জম্মুতে ‘মুসলিমবিরোধী পক্ষপাতিত্ব’ অত্যন্ত স্পষ্ট।
দ্য নিউইয়র্ক টাইমসের এক বিশ্লেষণে বলা হয়েছে, ২০১৪ সালে নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি কেন্দ্রে ক্ষমতা দখলের পর থেকেই ভারতে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতন ও সহিংসতা বেড়ে চলেছে। কাঠুয়ার ঘটনা এরই ধারাবাহিকতা। এভাবে ভারত রাষ্ট্রের ধর্মনিরপেক্ষতার ঐতিহ্য সংকটে পড়েছে। উগ্র হিন্দু জাতীয়তাবাদের সঙ্গে লড়াইয়ে নামতে হয়েছে ধর্মনিরপেক্ষতাকে। ধর্মীয় ও সাংস্কৃতিক গোঁড়ামি ভারতীয় সমাজের মূল স্রোতে জায়গা করে নিচ্ছে।

বিজেপি কী চায়?
জম্মু-কাশ্মীরে এককভাবে সরকার গঠন করতে পারেনি বিজেপি। রাজ্য সরকারের তাদের থাকা–না থাকা নির্ভর করছে পিপলস ডেমোক্রেটিক পার্টির (পিডিপি) সঙ্গে গঠিত জোট টিকে থাকার ওপর। রাজ্য সরকারে টিকে থাকতেই দুই মন্ত্রীকে পদত্যাগ করিয়েছে বিজেপি। আগামী বছরের লোকসভা নির্বাচন পর্যন্ত এই সরকারি প্রভাব টিকিয়ে রাখতে চায় মোদির দল। এ জন্য যেকোনো পদক্ষেপ নিতে পিছপা হতে চায় না বিজেপির হাইকমান্ড।
পিডিপিও এই মুহূর্তে বিজেপিকে হাতছাড়া করতে চাইছে না। ইন্ডিয়া টুডের বিশ্লেষণে বলা হয়েছে, এই দুই দলের জোটে ভাঙন ধরার কোনো সম্ভাবনা নেই। জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ধীরে ধীরে বিজেপির সঙ্গে দূরত্ব তৈরির নীতি নিয়েছেন। তবে এখনই কোনো কঠোর সিদ্ধান্ত নেবেন না তিনি। কারণ, জোট ভাঙলে ক্ষমতাও হারাতে হবে।
ডিএনএ ইন্ডিয়ায় প্রকাশিত এক বিশ্লেষণে বলা হয়েছে, ভারতশাসিত কাশ্মীরের সংখ্যালঘু জনগোষ্ঠীর মানুষের ক্ষেত্রে কংগ্রেস ও বিজেপির আচরণের মধ্যে কোনো তফাত নেই। দুই দলই রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টায় থাকে। উদ্ভূত জাতিগত উত্তেজনার স্থায়ী সমাধান করতে হলে জম্মুর দুই এলাকায় কিছুটা স্বায়ত্তশাসন দিতে হবে এবং এ জন্য আঞ্চলিক কাউন্সিল গঠন করতে হবে।
নিউইয়র্ক টাইমস বলছে, কাঠুয়ার ঘটনা ভারতকে ধর্মীয়, রাজনৈতিক ও নৈতিকভাবে বিভক্ত করে ফেলছে। ব্যাপক গণবিক্ষোভের পরই অভিযুক্ত ও সমালোচিত রাজনীতিকদের বরখাস্ত করা হয়েছে, তার আগে নয়। অর্থাৎ চাপে না পড়লে বিজেপি তা করত না। হুমকি দেওয়া হচ্ছে নিহত মেয়েটির পরিবারের পক্ষে আইনি লড়াই চালিয়ে যাওয়া আইনজীবীকে। পুরো ভারতকে আতঙ্কের চাদর পরিয়ে দিয়েছে কাঠুয়ার এই ঘটনা।
তবে আট বছর বয়সী শিশুকে ধর্ষণ ও হত্যার ঘটনার দেশব্যাপী প্রতিবাদ-বিক্ষোভ কাশ্মীরের জনগণকে একটি বার্তা দিয়েছে। সেটি হলো, ভারতবাসীদের একটি বড় অংশ জম্মু উপত্যকার মানুষকে নিয়ে ভাবে। সেখানকার মুসলিম ও সংখ্যালঘু কাশ্মীরিদের জন্যও তারা সহানুভূতিশীল। এটি কেন্দ্রের বিজেপি সরকারের জন্যও একটি সতর্কবার্তা। কিন্তু মোদির বিজেপি কি তা আমলে নেবে?