কানহাইয়া নিজের কথা লিখছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে রাষ্ট্রদ্রোহ মামলায় ২১ দিন কারাগারে কাটানোর পর মুক্তি পেয়ে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) ছাত্রনেতা কানহাইয়া কুমার জানিয়েছেন, তিনি তাঁর নিজের কথা লেখা শুরু করেছেন এবং দীর্ঘ লড়াইয়েরই প্রস্তুতি নিচ্ছেন।

নয়াদিল্লির তিহার কারাগার থেকে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মুক্তি পান কানহাইয়া। এরপর তিনি নিজের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ফেরেন। সেখানে তিনি বলেন, কারাগারে থাকা অবস্থায় পত্রিকা ও টেলিভিশনের খবরে নিয়মিত খোঁজখবর রাখতেন। খবর এনডিটিভির।

কানহাইয়া বলেন, ‘আমি এখন আমার কাহিনি লিখব। কারাগারে থাকা অবস্থায়ই লেখা শুরু করেছি।’ তিনি আরও বলেন, ‘আমি
কখনোই ভারতবিরোধী কিছু বলিনি। আমি জানি, সত্য একদিন বেরিয়ে আসবে। সত্যঘটনাধীরে ধীরে প্রকাশ পাবে।’

এদিকে রাজ্য সরকারের তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, টিভি চ্যানেলের ফুটেজে কারসাজি করে ভারতবিরোধী স্লোগান জুড়ে দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদনে সংশ্লিষ্ট চ্যানেলের বিরুদ্ধে ফৌজদারি মামলা করার সুপারিশ করা হয়েছে।

গত ৯ ফেব্রুয়ারি জেএনইউয়ে ভারতের পার্লামেন্টে হামলায় অভিযুক্ত আফজাল গুরুর ফাঁসির বার্ষিকী উপলক্ষে মানবাধিকারকর্মীরা অনুষ্ঠানের আয়োজন করেন। সেই অনুষ্ঠানে ‘ভারতবিরোধী’ স্লোগান দেওয়ার অভিযোগে গত ১৪ ফেব্রুয়ারি গ্রেপ্তার করা হয় ছাত্রনেতা কানহাইয়া কুমারকে।

তদন্ত প্রতিবেদনে বলা হয়, কানহাইয়া ও খালিদ ভারতবিরোধী কোনো স্লোগান দিয়েছিলেন বলে প্রমাণ পাওয়া যায়নি। জেএনইউর সমাবেশে মুখ ঢাকা একদল লোক ভারতবিরোধী স্লোগান দিচ্ছিল।

এনডিটিভির খবরে বলা হয়, ভিডিও ফুটেজে ওমর খালিদকে স্লোগান দিতে শোনা যায়, ‘কাশ্মীরের মানুষ লড়াই চালিয়ে যাও। আমরা তোমাদের সঙ্গে আছি।’