কানহাইয়ার জামিন আবেদন শুনলেন না সুপ্রিম কোর্ট
জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) ছাত্র সংসদের সভাপতি কানহাইয়া কুমারের রাষ্ট্রদ্রোহিতা মামলায় জামিন আবেদনের শুনানি গ্রহণে অস্বীকৃতি জানিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালত গতকাল শুক্রবার এর পরিবর্তে দিল্লির হাইকোর্টে শুনানির জন্য আবেদনের পরামর্শ দিয়েছেন। খবর রয়টার্স, টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভির।
কানহাইয়া কুমারের (২৮) জামিন আবেদন নিয়ে গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তাঁর দুই আইনজীবী রাজু রামচন্দ্রন ও সোলি সোরাবজি। এ আবেদনের ব্যাপারে গতকাল শুক্রবার দুপুরে সর্বোচ্চ আদালত বলেন, কানহাইয়ার জামিন আবেদনের শুনানির জন্য সুপ্রিম কোর্ট উপযুক্ত স্থান নয়। দিল্লির হাইকোর্ট বা নিম্ন আদালতেই তিনি জামিন আবেদন করতে পারেন।
এর আগে দুই দিন দিল্লির পাতিয়ালা হাউস আদালতে জামিন আবেদনের শুনানির জন্য কানহাইয়াকে হাজির করা হলে দুদিনই সহিংসতার ঘটনা ঘটে। কানহাইয়ার ওপর হামলা করা হয়। এ কারণে সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকার এবং দিল্লি পুলিশকে দেশবিরোধী স্লোগান দেওয়ার দায়ে অভিযুক্ত এই ছাত্রনেতার আইনজীবীদের জন্য দিল্লি হাইকোর্টে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
কানহাইয়ার জামিন আবেদনে বলা হয়, এই মামলাকে ঘিরে নজিরবিহীন পরিস্থিতি দেখা দিয়েছে। তাঁর আইনজীবীদের একজন বৃন্দ গ্রোভার বলেন, এটা জীবনের প্রতি হুমকির শামিল। তাই জামিন চাইতে সুপ্রিম কোর্ট ছাড়া অন্য কোনো আদালতে যাওয়া বিবাদী পক্ষের জন্য নিরাপদ নয়।
রাষ্ট্রদ্রোহ মামলায় পাতিয়ালা হাউস আদালত কানহাইয়াকে ১৪ দিনের কারা হেফাজতে রাখার নির্দেশ দেওয়ার পর তাঁকে কড়া নিরাপত্তার তিহার কারাগারে পাঠানো হয়। তবে এখানেও নিরাপত্তা নিয়ে আইনজীবীরা শঙ্কা প্রকাশ করলে, তাঁকে ক্লোজড সার্কিট ক্যামেরার (সিসিটিভি) নজরদারিতে রাখা হয়।
৯ ফেব্রুয়ারি জেএনইউয়ে আয়োজিত মানবাধিকারবিষয়ক এক অনুষ্ঠানে ‘ভারতবিরোধী’ স্লোগান দেওয়ার অভিযোগ ওঠে। ওই ঘটনায় অনুষ্ঠানের আয়োজক ছাত্রনেতা কানহাইয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করে পুলিশ। ১২ ফেব্রুয়ারি তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় ভারতজুড়ে উত্তাপ ছড়িয়ে পড়ে।