কানহাইয়ার জিব কাটতে বলায় বহিষ্কৃত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভাপতি কানহাইয়া কুমারের জিব কেটে নিলে পাঁচ লাখ রুপি পুরস্কারের কথা ঘোষণা দেওয়ায় বিজেপির এক যুবনেতাকে দল থেকে ছয় বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। খবর এনডিটিভির।
বহিষ্কৃত কুলদীপ ভার্শনি ক্ষমতাসীন বিজেপির যুব মোর্চার (বিজেওয়াইএম) বাদাউন জেলার প্রধান ছিলেন। গত মাসে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তারকৃত কানহাইয়া গত বৃহস্পতিবার জামিনে ছাড়া পেয়ে সরকারের সমালোচনায় বেশ কড়া কিছু কথা বলেন।
কানহাইয়ার বক্তব্যের প্রতিক্রিয়ায় কুলদীপ বলেছিলেন, ছাড়া পেয়েই কানহাইয়া বিজেপি, আরএসএস ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অপমান করেছেন। ‘সহ্য না করার মতো’ মন্তব্য করায় কানহাইয়ার জিব কাটার জন্য পুরস্কার ঘোষণা করেন কুলদীপ। এ সময় নিজেকে তিনি একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে দাবি করেন।