
ভারতের কাবেরী নদীর পানির বণ্টন নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের পর কর্ণাটক ও তামিলনাড়ু রাজ্যে গতকাল মঙ্গলবার শুরু হয়েছে প্রবল বিক্ষোভ। সুপ্রিম কোর্ট গত সোমবার কর্ণাটক রাজ্য সরকারকে আগামী ১০ দিনের জন্য প্রতিদিন ১৫ হাজার কিউসেক পানি তামিলনাড়ুকে দেওয়ার নির্দেশ দেওয়ার পরপরই বিক্ষোভ তুঙ্গে ওঠে।
সুপ্রিম কোর্টের সিদ্ধান্তে দুই রাজ্যের কেউই খুশি হয়নি। তামিলনাড়ুর কৃষকেরা বলছেন, এই পানি তাঁদের কৃষিকাজের জন্য যথেষ্ট নয়। দেরি করে যে পানি পাওয়া গেছে তা একেবারে কম।
আর কর্ণাটকের মান্দিয়া এলাকার কৃষকেরা কাবেরীর পানি ছাড়ার সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে বিক্ষোভ করেন। তামিলনাড়ুর জন্য পানি ছাড়া বন্ধ না হলে বড় ধরনের আন্দোলনের হুমকি দিয়েছেন তাঁরা।
মান্দিয়ার বিধানসভার সদস্য এম এইচ আম্বরিশ বলেন, ‘আমাদের জন্য কেবল খাওয়ার পানিটুকু রাখা হয়েছে। সেচের কোনো পানি রাখা হয়নি। আমাদের কৃষকদের বঞ্চিত করে কেন তামিলনাড়ুর কৃষকদের চাষের জন্য পানি দেওয়া হবে? এটা একেবারে অন্যায়। আদালতের এই আদেশ পুনর্বিবেচনার জন্য কর্ণাটক সরকারকে অবশ্যই আবেদন করতে হবে।’
নদীর পানি ইস্যুতে গত সোমবার থেকেই কর্ণাটকের কিছু এলাকায় বন্ধ পালিত হচ্ছে। গতকালও তা অব্যাহত থাকে। সহিংসতা রোধে কয়েক হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে প্রতিবাদ-বিক্ষোভের জন্য তামিলনাড়ু রাজ্য সরকার পরিচালিত বাস কর্ণাটকে যাওয়া বন্ধ করে দেওয়া হয়। কর্ণাটকের কৃষ্ণ রাজা সাগর জলাধার ও বৃন্দাবন গার্ডেনে দর্শনার্থীদের যাওয়া চার দিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরু থেকে মহীশূরগামী এবং তামিলনাড়ুর রাজধানী চেন্নাই থেকে বেঙ্গালুরুগামী বাস চলাচল বন্ধ হয়ে যায়। এতে শত শত বাস রাস্তায় আটকা পড়ে। তামিলনাড়ুর তাঞ্জাভুরে কর্ণাটক রাজ্য সরকারের বাস ভাঙচুর করা হয়।
কর্ণাটকে বিক্ষোভকারীরা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতার কুশপুত্তলিকা দাহ করেন। বিক্ষোভকারীদের মধ্যে এক কৃষক বলছিলেন, ‘আমরা তামিলনাড়ুকে এক ফোঁটা পানি দিতে চাই না। আমাদের রাজ্য সরকার কৃষকদের কথাটি আদালতে ঠিকমতো বলতে পারেনি। আর এ জন্যই এ দশা।’
পানি নিয়ে সৃষ্ট বিক্ষোভের জেরে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া রাজ্যে সর্বদলীয় বৈঠক আহ্বান করেন। কাবেরীর পানি নিয়ে দেশের সর্বোচ্চ আদালতের রায়ের বিষয়ে বৈঠকে আলোচনা হয়। রাজ্যের আইনমন্ত্রী টিবি জয়াচন্দ্র আইন হাতে না তুলে নিয়ে আহ্বান জানান রাজ্যবাসীকে।
৯ সেপ্টেম্বর রাজ্যজুড়ে বন্ধ ডাকার সিদ্ধান্ত নিয়েছেন কর্ণাটকের কৃষকেরা।