কাবেরী নদীর পানিবণ্টন ইস্যুতে কর্ণাটকে 'বন্ধ্'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের কাবেরী নদীর পানির বণ্টন ইস্যুতে কর্ণাটকে গতকাল শুক্রবার রাজ্যজুড়ে ‘বন্ধ্’ বা হরতাল কর্মসূচি পালিত হয়েছে। এই রাজ্যের রাজধানী বেঙ্গালুরুর প্রধান সড়কগুলোয় বিক্ষোভ চলায় শহরের যান চলাচলব্যবস্থা প্রায় অচল হয়ে পড়ে। শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে প্রধান প্রধান তথ্যপ্রযুক্তি অফিসগুলোও এদিন বন্ধ রাখা হয়। সেই সঙ্গে বন্ধ ছিল মেট্রোরেল সার্ভিস। সরকারি অফিসগুলো খোলা থাকলেও যানবাহনসংকটের কারণে উপস্থিতি ছিল অনেক কম।
কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে চিঠি দিয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতার সঙ্গে কাবেরী নদীর পানিবণ্টন ইস্যু নিয়ে কথা বলতে অনুরোধ জানিয়েছেন। তিনি বলেছেন, কর্ণাটকের অর্থনীতি, বিশেষ করে এখানকার নামকরা সফটওয়্যার শিল্প বিক্ষোভের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
বেঙ্গালুরুর এক কোটি বাসিন্দার খাওয়ার পানির জোগান আসে কাবেরী নদী থেকে। এই শহরে অনেক তথ্যপ্রযুক্তি-বিষয়ক প্রতিষ্ঠানসহ প্রায় ৪০০ বহুজাতিক প্রতিষ্ঠানের অফিস রয়েছে। এসব অফিসে গতকাল ছুটির দিন ঘোষণা করা হয়।
কাবেরী নদীতে চার বাঁধের মধ্যে একটি কর্ণাটকের কৃষ্ণ রাজা সাগর বাঁধ এলাকায় গতকাল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও বিক্ষোভকারীদের সরিয়ে দিতে পুলিশ ফাঁকা গুলি ছোড়ার পাশাপাশি লাঠিপেটাও করেছে। এই রাজ্যে কেব্ল অপারেটররা তামিল টেলিভিশন চ্যানেল সম্প্রচার বন্ধ করে দিয়েছে। দুই রাজ্যের মধ্যে সীমান্তবর্তী এলাকায় ও মহাসড়কে বিক্ষোভকারীরা অবস্থান নেওয়ায় প্রশাসনের পক্ষ থেকে তামিলনাড়ুতে নিবন্ধনকৃত যানবাহন নিয়ে কর্ণাটকে প্রবেশ না করতে অনুরোধ জানানো হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।
কাবেরী নদীর পানির বণ্টন নিয়ে ভারতের সুপ্রিম কোর্ট গত সোমবার কর্ণাটক রাজ্য সরকারকে পরবর্তী ১০ দিনের জন্য প্রতিদিন ১৫ হাজার কিউসেক পানি তামিলনাড়ুকে দেওয়ার নির্দেশ দেন। আদালতের এ রায়ের পর গত মঙ্গলবার থেকে কর্ণাটক ও তামিলনাড়ু রাজ্যে শুরু হয় প্রবল বিক্ষোভ।