কামাক্ষ্যায় অম্বুবাচি মেলায় লাখো মানুষের ভিড়
মন্দিরের দরজা বন্ধ। অথচ বাইরে লাখো মানুষের ভিড়। সাধু-সন্তদের পাশাপাশি সাধারণ মানুষের অংশগ্রহণে হরেক কিসিমের ‘সাধনা’। এসব নিয়েই ভারতের আসাম রাজ্যের গুয়াহাটিতে অম্বুবাচি মেলা শুরু হয়েছে।
হিন্দু সম্প্রদায়ের ৫২টি শক্তি পীঠের একটি হলো আসামের কামাক্ষ্যা মন্দির। প্রতিবছর ভরা বর্ষায় পঞ্জিকামতে নির্দিষ্ট দিনে আরাধ্য দেবীর মাসিক হয়। তাই মন্দিরের দরজা চার দিন বন্ধ থাকে। চলতি বছর সময়টার ব্যাপ্তি গত বৃহস্পতিবার দুপুর থেকে শুরু করে কাল রোববার রাত পর্যন্ত।
আসামে গত বছর বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ঘোষণা করেছিলেন, কামাক্ষ্যার অম্বুবাচি মেলাকে আন্তর্জাতিক রূপ দেবেন। সেইমতো মেলায় ভক্তসমাগমও অন্যবারের থেকে বেশি বলে মন্দিরের পূজারি কবীন্দ্র শর্মা দাবি করছেন। নীলাচল পাহাড়ে সতীর এই পীঠে পুণ্যার্থীরা এসেছেন ভারতের বিভিন্ন প্রান্ত থেকে, পাশাপাশি অন্যান্য দেশ থেকেও।
অম্বুবাচি হিন্দুদের একটা ব্রতও। বিধবা নারীরা এই চারটি দিনকে বিশেষভাবে পালন করেন। সধবারাও স্বামীর মঙ্গল কামনায় দিনটিকে মান্যতা দেন।