পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় বীরভূমসহ সাতটি জেলার ৫৬টি আসনের ভোট গ্রহণ গতকাল রোববার সম্পন্ন হয়েছে। বিভিন্ন কেন্দ্রে ভোট কারচুপি, জোর করে কেন্দ্রে প্রবেশ এবং ভোটদানে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে।
পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কেন্দ্র দখলকারীদের সংঘর্ষ হয়। বীরভূম জেলার ১১টি আসনের নির্বাচন বাতিলের দাবি জানিয়েছেন বিজেপির দুজন নেতা।
নির্বাচন কমিশন ভোট পর্ব অবাধ ও শান্তিপূর্ণ করার সার্বিক ব্যবস্থা নিলেও সকালে বিচ্ছিন্ন কিছু সহিংসতার ঘটনা ঘটে। সরকারি দলের ছত্রচ্ছায়ায় তৃণমূল নামধারী সমর্থকেরা বিরোধী দলের এজেন্ট ও ভোটারদের ভোট দিতে বাধা দেন। বীরভূমের বোলপুর কেন্দ্রের ইলামবাজারে শাসক দলের হাতে বিজেপি ও বাম দলের আট পোলিং এজেন্ট ও সমর্থককে মারধর করা হয়।
লাভপুরে ভোটকেন্দ্রে ঢুকে তৃণমূল সমর্থকেরা জাল ভোট দিতে চাইলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সংঘর্ষ বাধে তৃণমূলের সমর্থকদের।
সাইথিয়ায় সিপিএমের এক পোলিং এজেন্টের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। এসব ঘটনার পর বিজেপির কেন্দ্রীয় নেতা ও মন্ত্রী মুকতার আব্বাস নকভী ও সাংসদ বাবুল সুপ্রিয় দিল্লির নির্বাচন কমিশনে গিয়ে বীরভূমের ১১টি আসনের নির্বাচন বাতিলের দাবি জানিয়েছেন।