কারাগার ভেঙে পালানো ৮ সিমি জঙ্গি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মধ্যপ্রদেশের রাজধানী ভোপালের কেন্দ্রীয় কারাগার ভেঙে পালিয়ে যাওয়া আট জঙ্গির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তারা সবাই নিষিদ্ধ স্টুডেন্টস ইসলামিক মুভমেন্ট অব ইন্ডিয়ার (সিমি) সদস্য বলে পুলিশ দাবি করেছে।

রাজ্য পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, পুলিশ এবং সন্ত্রাস মোকাবিলা স্কোয়াডের সঙ্গে সংঘর্ষে ওই জঙ্গিদের মৃত্যু হয়।

গতকাল রোববার দেশজুড়ে যখন দীপাবলি পালিত হয়েছে, আতশবাজির রোশনাইয়ে দেশ যখন মাতোয়ারা, তখন শেষ রাতের দিকে এক রক্ষীর গলা কেটে মেরে ফেলে ওই জঙ্গিরা কারাগার থেকে পালায়।
রাজ্য পুলিশের উপমহাপরিচালক ভোপাল রমন সিং বলেন, জঙ্গিরা বিছানার চাদর জুড়ে জুড়ে তা বেয়ে জেলের পাঁচিল টপকে পালিয়ে যায়। কারাগার ভাঙার খবর পাওয়ার পর থেকেই রাজ্যজুড়ে শুরু হয়ে যায় ব্যাপক তল্লাশি। ট্রেন, স্টেশন ও বাস টার্মিনালগুলোর ওপর রাখা হয় কড়া নজর। অবশেষে শহরের উপকণ্ঠে তাদের দেখা মেলে। সেখানেই পুলিশের সঙ্গে সংঘর্ষ তাদের মৃত্যু হয়।

জঙ্গিদের মৃতদেহগুলো যেখানে পাওয়া যায়, শহর থেকে এর দূরত্ব ১৫ কিলোমিটার। গ্রামবাসীরা তাদের ডাকাত ভেবে চ্যালেঞ্জ করলে তারা ইটপাটকেল ছুড়তে শুরু করে। গ্রামবাসী সঙ্গে সঙ্গেই পুলিশকে খবর দেয়। পুলিশ এলে জঙ্গিরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। পাল্টা গুলিতে জঙ্গিরা মারা যায় বলে রাজ্য পুলিশের মহাপরিচালক যোগেশ চৌধুরী জানান। তিনি বলেন, ঘণ্টা খানেক চলা এই গোলাগুলিতে জঙ্গিদের আক্রমণে দুই পুলিশ কর্মীও আহত হয়েছেন। নিহত জঙ্গিদের কাছ থেকে খেজুর ও একটি আগ্নেয়াস্ত্র পাওয়া যায়।

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, জেল পালানোর ঘটনায় জড়িত থাকার সন্দেহে চার পুলিশ কর্মীকে সাসপেন্ড করা হয়েছে। জাতীয় তদন্ত সংস্থাকে (এনআইএ) এ ঘটনার তদন্ত করতে বলা হয়েছে।

নিহত জঙ্গিদের মধ্যে তিনজন ২০১৩ সালে ভোপাল থেকে ২৮০ কিলোমিটার দূরে খান্ডোয়ার কারাগার ভেঙে পালিয়েছিল। তাদের সবার বিরুদ্ধেই দেশদ্রোহিতা এবং সন্ত্রাসী কাজকর্মের অভিযোগ রয়েছে। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী ভুপেন্দ্র সিং বলেছেন, ওরা প্রত্যেকেই মারাত্মক সন্ত্রাসী। যেভাবে ওরা পুলিশদের আক্রমণ করেছিল, তাতে তাদের মেরে ফেলা ছাড়া অন্য উপায় ছিল না।

সিমির প্রতিষ্ঠা হয়েছিল ১৯৭৭ সালে, উত্তর প্রদেশের আলিগড়ে। প্রথম প্রথম এরা জামায়াতে ইসলামি হিন্দ-এর ছাত্র শাখা হিসেবে কাজ করছিল। ২০০১ সালে যুক্তরাষ্ট্রে ৯/১১ হামলার পরই সিমিকে নিষিদ্ধ করা হয়। ২০০৮ সালে কিছুদিনের জন্য নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও সে বছরেই ফের সিমিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়।