কারাগারেই যেতে চান মদন মিত্র
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পশ্চিমবঙ্গের চাঞ্চল্যকর সারদা আর্থিক কেলেঙ্কারি মামলায় জামিন না পেয়ে দৃশ্যত মানসিকভাবে বিপর্যস্ত ক্রীড়া ও পরিবহনমন্ত্রী মদন মিত্র। পারিবারিক সূত্র জানায়, মদন মিত্র তাঁর ঘনিষ্ঠদের বলেছেন, তিনি আর হাসপাতালে থাকতে চান না। বরং ফিরে যেতে চান কারাগারেই।
সারদা মামলায় জড়িয়ে গত বছরের ১২ ডিসেম্বর ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছিলেন মদন মিত্র। তখন থেকে এক দিনের জন্যও কারাগারে যাননি। অসুস্থতা দেখিয়ে এখন পর্যন্ত পিজি হাসপাতালে ভর্তি রয়েছেন।
মদন মিত্রের জামিনের জন্য কলকাতা হাইকোর্টে চেষ্টা চলে গত বৃহস্পতিবার। কিন্তু সাবেক ইউপিএ সরকারের কেন্দ্রীয় মন্ত্রী ও প্রখ্যাত আইনজীবী কপিল সিবালের জোরালো সওয়ালেও জামিন দিলেন না আদালত।