কারাগারেও চলছে সালমানের ব্যায়াম

বলিউড অভিনেতা সালমান খান এখন ভারতের যোধপুর কেন্দ্রীয় কারাগারের ১০৬ নম্বর কয়েদি। কারাগারে যাওয়ার পর বন্দীদের জন্য বরাদ্দ গত বৃহস্পতিবারের রাতের ও গতকাল শুক্রবারের সকালের খাবার খাননি ‘বজরঙ্গি ভাইজান’। তবে তাঁর পছন্দের কাজ শরীরচর্চা করতে ভোলেননি।
কারাগারের এক কর্মকর্তা জানান, ২ নম্বর কারাকক্ষে গতকাল সালমান খান তিন ঘণ্টা ব্যায়াম করেছেন। তিনি পেটের ব্যায়াম, পুশ-আপ, দড়িলাফ ও লাফালাফি করেছেন। সেই সঙ্গে আরও নানা শরীরচর্চা করেছেন।
টিএনএনের খবরে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় অস্থিরতায় ভুগছিলেন ‘বজরঙ্গি ভাইজান’। সে সময় কারাগারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানতে চান, তাঁর চিকিৎসক লাগবে কি না। জবাবে শান্তভাবে ‘না’ বলে মেঝেতে পেতে রাখা মাদুরে শুয়ে পড়েন সালমান।
কারা তত্ত্বাবধায়ক বিক্রম সিং বলেন, মাঝরাতের দিকে ঘুমিয়ে পড়েন সালমান খান। সকাল সাড়ে ছয়টার দিকে কারাগারের সাইরেন বাজলে কয়েক মিনিটের জন্য ঘুম ভাঙে বলিউডের এই অভিনেতার। পরে আবার তিনি ঘুমিয়ে পড়েন। ওঠেন সকাল সাড়ে আটটার দিকে।
বিক্রম সিং বলেন, গতকাল শুক্রবার সকালে কারাবন্দীদের জন্য বরাদ্দ খাবার খেতে চাননি সালমান। এর বদলে তিনি কারাগারের ক্যানটিন থেকে খাবার আনতে পারবেন কি না তা কারাকর্মীদের কাছে জানতে চান। পরে তাঁকে ক্যানটিন থেকে রুটি ও এক গ্লাস দুধ এনে দেওয়া হয়।
বেলা সাড়ে ১১টার দিকে সালমান খানকে জানানো হয় আদালত তাঁর জামিন আবেদনের বিষয়ে শনিবার সিদ্ধান্ত জানাবেন। এরপর তিনি আর দুপুরের খাবার খাননি।
সালমান খান বিকেলে বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা ও তাঁর দুই বোন আলভিরা আর অর্পিতার সঙ্গে দেখা করেন। ঠিকমতো খাবার না খেলেও কারাকর্মীদের আশ্চর্য করে দিয়ে রোদের মধ্যে শরীরচর্চা শুরু করেন সালমান। বেলা সাড়ে তিনটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত একটানা শরীরচর্চা করেন তিনি।
কারাগারের এক কর্মকর্তা জানান, এরপর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাতের খাবার দেওয়া হয় সালমান খানকে। খাবার তালিকায় ছিল শশা, টমেটোর তরকারি, ডাল ও চাপাতি। সালমানের জন্য কারাগারে বাড়তি নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছিল। তাই অন্য কারাবন্দীদের মতো তিনি বাইরে এসে রাতের খাবার খেতে পারেননি। কারাকক্ষের ভেতরেই তাঁকে খাবার দেওয়া হয়।
সন্ধ্যাবেলা সালমান গোসল করতে চান। কারাগারের এক কর্মকর্তা বলেন, সালমান খান শক্ত ধাঁচের মানুষ। তিনি অন্য কারাবন্দীদের জন্য বরাদ্দ পানিই পান করেন।
কারা তত্ত্বাবধায়ক বিক্রম সিং আরও জানান, বোনদের সঙ্গে দেখা করার সময় সালমান খান তাঁর মা-বাবার সঙ্গে কথা বলতে পারেননি। স্বজনদের সঙ্গে দেখা করার সময় প্রত্যেক কারাবন্দী আত্মীয়স্বজনদের সঙ্গে ফোনে কথা বলার অনুমতি পান। সালমানও সেই সুযোগ পেয়েছিলেন। বোনদের সঙ্গে দেখা করার সময় তাঁর বাবা ও মাকে ফোন করেন। কিন্তু তাঁরা কেউ ফোন ধরেননি। আজ শনিবারও ফোনে মা-বাবার সঙ্গে কথা বলার চেষ্টা করবেন সালমান।
বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবর উড়িয়ে দিয়ে বিক্রম সিং বলেন, সাজাপ্রাপ্ত আশ্রম বাপুর সঙ্গে সালমান খানকে রাখা হয়নি। আশ্রম বাপু ও সালমান খান দুইজনেই ‘প্রভাবশালী’ কারাবন্দী। সালমানকে তাঁর কারাকক্ষে নির্দিষ্ট সীমানার মধ্যে রাখা হয়েছে।
‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির শুটিংয়ের জন্য প্রায় ২০ বছর আগে রাজস্থানের যোধপুর শহরে গিয়েছিলেন সালমান খান। ১৯৯৮ সালের ২ অক্টোবর চাঁদনি রাতে সহ-অভিনেতা সাইফ আলী খান, টাবু, নীলম ও সোনালি বেন্দ্রেকে নিয়ে কঙ্কনি গ্রামে শিকারে বের হন সালমান। তাঁর ছোড়া গুলিতে বিলুপ্তপ্রায় দুটি কৃষ্ণসার হরিণের মৃত্যু হয়।
গত বৃহস্পতিবার সকালে যোধপুর আদালতের বিচারপতি দেব কুমার খাতরি সালমানকে দোষী সাব্যস্ত করে ৫ বছরের সাজা ও ১০ হাজার রুপি জরিমানার রায় দেন। সাক্ষ্যপ্রমাণের অভাবে বাকিরা খালাস পেয়ে যান। রায়ের পর ওই দিন বিকেলেই সালমানকে কারাগারে নিয়ে যাওয়া হয়।
সালমান অবশ্য হরিণ হত্যার দায় অস্বীকার করে বলেছেন, তাঁকে এ মামলায় ফাঁসানো হয়েছে। এটি ছিল সালমানের বিরুদ্ধে বন্য প্রাণী হত্যার তৃতীয় মামলা। আগের দুটি মামলাতে দোষী সাব্যস্ত হলেও রাজস্থান হাইকোর্ট থেকে তিনি খালাস পেয়েছিলেন।