কাল থেকে কলকাতায় বাংলাদেশ বইমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ বইমেলা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন। কলকাতা, ১৪ নভেম্বর। ছবি: ভাস্কর মুখার্জি
বাংলাদেশ বইমেলা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন। কলকাতা, ১৪ নভেম্বর। ছবি: ভাস্কর মুখার্জি

কাল বুধবার থেকে কলকাতায় শুরু হচ্ছে নয় দিনব্যাপী বাংলাদেশ বইমেলা। মেলা শেষ হবে ২৩ নভেম্বর। এবারের মেলা বসবে কলকাতার রবীন্দ্রসদনের কাছে ঐতিহ্যবাহী মোহরকুঞ্জ প্রাঙ্গণে। এই বইমেলা এবার সাত বছরে পা দিল। বাংলাদেশে প্রকাশিত বিভিন্ন বই নিয়ে এই বইমেলার আয়োজন। 

আজ মঙ্গলবার বিকেলে কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের সম্মেলনকক্ষে এক সাংবাদিক সম্মেলনে বাংলাদেশ বইমেলার নির্ঘণ্ট ঘোষণা করেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার তৌফিক হাসান। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি মাজহারুল ইসলাম, সহসভাপতি মেজবাহ উদ্দিন আহমেদ, কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনে নিযুক্ত কাউন্সিলর বি এম জামাল হোসেন, প্রথম সচিব (প্রেস) মোফাফখারুল ইকবাল প্রমুখ।
কাল বিকেল চারটায় বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সম্মানিত অতিথি থাকবেন কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়, বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কবি কামাল আবদুল নাসের। সভাপতিত্ব করবেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার তৌফিক হাসান। এ বইমেলার আয়োজক কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশন, বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো এবং বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি। বইমেলায় বাংলাদেশের ৪৪টি প্রকাশনা সংস্থা অংশ নিচ্ছে। গত বছর নিয়েছিল ৫২টি প্রকাশনা সংস্থা।
বইমেলায় প্রতিদিন থাকছে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। আলোচনা সভার বিষয়বস্তু : বঙ্গবন্ধু বাংলা ভাষা ও বাংলাদেশ, বাংলা নাটক সৌহার্দ্যের সেতু, সাহিত্যের দর্শন, দর্শনের সাহিত্য, চলচ্চিত্র ও সাহিত্য, শিশু সাহিত্য এবং প্রকাশনা: গ্রন্থ সেতু ইত্যাদি। সেমিনারে যোগ দিতে পারেন বাংলাদেশের প্রখ্যাত লেখিকা সেলিনা হোসেন ও লেখক ইমদাদুল হক মিলন। আর সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতে পারেন বাংলাদেশের সংগীতশিল্পী ফকির আলমগীরসহ অন্য শিল্পীরা। যোগ দেবেন কলকাতার শিল্পীরাও।
প্রতিদিন এই মেলা চলবে বেলা দুইটা থেকে রাত আটটা পর্যন্ত। তবে শনি ও রোববার মেলা চলবে রাত নয়টা পর্যন্ত।
গত বছর এই মেলা শুরু হয়েছিল ১ সেপ্টেম্বর থেকে। মেলার আসর বসেছিল কলকাতার রবীন্দ্রসদন চত্বরে।