কাল প্রকাশিত হচ্ছে এনআরসি, উদ্বেগে আসামের বাঙালিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামীকাল সোমবার প্রকাশিত হচ্ছে আসামের দীর্ঘপ্রতীক্ষিত এনআরসির তালিকা। ছবি: প্রথম আলো
আগামীকাল সোমবার প্রকাশিত হচ্ছে আসামের দীর্ঘপ্রতীক্ষিত এনআরসির তালিকা। ছবি: প্রথম আলো

আর মাত্র এক দিন। আগামীকাল সোমবার সকালেই প্রকাশিত হবে আসামের বহুপ্রতীক্ষিত জাতীয় নাগরিক পঞ্জীকরণ বা ‘এনআরসি’-এর চূড়ান্ত খসড়া তালিকা। প্রথম তালিকায় প্রায় ৭০ শতাংশ বাঙালির নাম বাদ গিয়েছে। তাই রাজ্যে দীর্ঘদিন ধরে বসবাসকারী বাঙালি নাগরিকদের উৎকণ্ঠা সবচেয়ে বেশি।

অভূতপূর্ব নিরাপত্তাবলয় তৈরি হয়েছে আসামে। রাজ্য পুলিশের পাশাপাশি ১০০ কোম্পানি (১০ হাজার) আধা সেনা মোতায়েন করা হয়েছে। শুধু আসামই নয়, প্রতিবেশী পশ্চিমবঙ্গ, মেঘালয়, নাগাল্যান্ড ও অরুণাচল প্রদেশও তাদের সীমান্তে জারি করেছে কড়া নজরদারি। একমাত্র উপলক্ষ এনআরসির চূড়ান্ত খসড়া প্রকাশ।

এনআরসি সূত্র জানিয়েছে, প্রতিটি এনআরসি সেবাকেন্দ্রের মাধ্যমে তালিকায় নাম অন্তর্ভুক্ত হয়েছে কি না, তা জানা যাবে। পাশাপাশি অনলাইনেও দেখা যাবে। এ ছাড়া মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও জানা যাবে তালিকায় নাম অন্তর্ভুক্ত হয়েছে কি না।

অবশ্য নাম না থাকলেও কারও বিরুদ্ধে এখনই ব্যবস্থা নেওয়া যাবে না—আসাম সরকারকে এমনই নির্দেশ দিয়েছে ভারত সরকার। আসামের অর্থমন্ত্রী হীমন্ত বিশ্বশর্মা সাংবাদিকদের বলেন, ‘অযথা উদ্বেগের কিছু নেই। কারও বিরুদ্ধেই ব্যবস্থা নেবে না সরকার।’

তবে বিজেপি পরিচালিত রাজ্য সরকারের ওপর ভরসা নেই কংগ্রেসের। রাজ্যের বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়া প্রথম আলোর কাছে নাম নথিভুক্ত করা নিয়ে দলবাজির অভিযোগ তুলেছেন।

কংগ্রেস এনআরসি তালিকা নিয়ে জনগণের বিভ্রান্তি দূর করতে প্রতিটি জেলাতেই সেবাকেন্দ্র খুলছে। দেবব্রত জানিয়েছেন, এই সেবাকেন্দ্রগুলো থেকে বৈধ নাগরিকদের সহায়তা করা হবে।

নাম না থাকলে আগামী ৭ আগস্টের মধ্যে যে-কেউই আবেদন করতে পারবেন। কিন্তু সেই আবেদন কীভাবে করতে হবে, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে বলে জানিয়েছেন আসাম রাজ্য নাগরিক অধিকার সুরক্ষা সমন্বয় সমিতির প্রধান তপোধীর ভট্টাচার্য।

এনআরসিতে নাম তালিকাভুক্ত করতে আসামের ৬৮ লাখ ২৭ হাজার পরিবার থেকে ৩ কোটি ২৯ লাখ মানুষ আবেদন করেছেন। প্রথম দফায় গত ৩১ ডিসেম্বর মাত্র ১ কোটি ৯০ লাখ নাম ঠাঁই পায় এনআরসিতে। মন্ত্রী-বিধায়ক থেকে শুরু করে কয়েক পুরুষ ধরে আসামে বসবাসকারী বহু বাঙালির নাম বাদ যায় এ তালিকায়। বাঙালি-অধ্যুষিত এলাকাতেই নাগরিকত্ব প্রমাণে ব্যর্থতার হার বেশি। বাঙালিদের মধ্যে ধর্মীয় সংখ্যালঘুদের নাম আরও কম ছিল এনআরসিতে।

তাই এবার তালিকা প্রকাশের আগে উত্তেজনা তুঙ্গে। এত পুলিশি বন্দোবস্ত। টান টান উত্তেজনায় প্রতীক্ষা আর মাত্র ২৪ ঘণ্টারও কম সময়ের।

এ প্রসঙ্গে রাজ্যের বিশিষ্ট আইনজীবী হাফিজ চৌধুরী প্রথম আলোকে বলেন, আসামের খিলঞ্জিয়াদের (ভূমিপুত্র) মতোই ভাষিক ও ধর্মীয় সংখ্যালঘুরাও আসামের বৈধ নাগরিক। তাঁদের নাগরিকত্ব ধর্ম বা বা ভাষার ভিত্তিতে কেড়ে নেওয়ার চেষ্টা ভারতের সংবিধান ও ধর্মনিরপেক্ষ আদর্শের বিরোধী।