কাল ভারতে ২৪ ঘণ্টার ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেন্দ্রীয় সরকারের ‘শ্রমিকবিরোধী’ নীতির প্রতিবাদে আগামীকাল বুধবার ভারতে ১১টি ট্রেড ইউনিয়ন এবং ফেডারেশন ২৪ ঘণ্টার সাধারণ ধর্মঘট ডেকেছে। এই ধর্মঘটকে সমর্থন জানিয়েছে ভারতের ১৭টি বাম রাজনৈতিক দল ও সংগঠন। 

ধর্মঘটকে সামনে রেখে চ্যালেঞ্জ এবং পাল্টা চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামছে সরকারি এবং বিরোধী দল।

আজ মঙ্গলবার বিকেলে কলকাতায় এই ধর্মঘটের সমর্থনে মিছিল করেছে বিভিন্ন শ্রমিক সংগঠন ও ১৭টি বাম দলের নেতা কর্মীরা। শ্রমিকদের ১২ দফা দাবি আদায়ের লক্ষ্যে আহ্বান করা হয়েছে এই ধর্মঘট। ধর্মঘটকারীদের দাবির মধ্যে রয়েছে শ্রম আইন সংশোধন, শ্রমিকদের মাসিক ন্যূনতম বেতন ১৫ হাজার রুপি ধার্য করা, জমি বিল প্রত্যাহারসহ আরও ৯ দফা দাবি।
আজ কলকাতায় মিছিল শেষে কলকাতার সিআইটি রোডে এক পথসভায় ভাষণ দেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু, সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রসহ বাম দলের নেতৃবৃন্দ।
সভায় নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, এই ধর্মঘট রুখে দেওয়ার জন্য রাজ্য সরকার উদ্যোগ নিলে আগুনে হাত দেওয়ার শামিল হবে; ধর্মঘট হবেই।
এদিকে রাজ্য সরকারের পক্ষে রাজ্যের মুখ্যসচিব সঞ্জয় মিত্র এক নির্দেশনামায় জানিয়ে দিয়েছেন, এই ধর্মঘটে কোনো সরকারি কর্মচারী অনুপস্থিত থাকলে তাদের একদিনের বেতন কেটে নেওয়া হবে। তাই সরকারি কর্মচারীদের রাতেই অফিসে থাকার পরামর্শ দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে।