কাল রাজপথে শপথ মমতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজভবনের চৌহদ্দির বাইরে এসে কলকাতার প্রশস্ত রেড রোডে কাল শুক্রবার দ্বিতীয়বারের জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। শপথ নেবেন রাজ্যের হবু মন্ত্রীরাও।
শপথ অনুষ্ঠানের জন্য রেড রোডে ফোর্ট উইলিয়ামের গেটের সামনে তৈরি করা হয়েছে তিনটি মঞ্চ। শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশ-বিদেশের বহু অতিথি। থাকবেন ভারত সরকারের একাধিক শীর্ষ মন্ত্রীসহ রাজনৈতিক দলের প্রথম সারির নেতা-নেত্রীরা। মঞ্চের সামনে অতিথিদের জন্য আলাদা করে সামিয়ানা টানিয়ে ২০ হাজার মানুষের বসার ব্যবস্থা করা হয়েছে। এই অতিথিদের তালিকায় রয়েছেন বলিউড ও টালিউডের একঝাঁক তারকাও।
নির্বাচনোত্তর সহিংসতার প্রতিবাদে শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের প্রধান দুই বিরোধী দল বামফ্রন্ট ও কংগ্রেস। বিরোধী নেতাদের মতে, রাজ্যে বিরোধী দল এবং সাধারণ মানুষ যখন আক্রান্ত, সেই সময়ে উৎসব-অনুষ্ঠানে যোগ দেওয়ার মানসিকতা তাঁদের নেই। বিজেপিও প্রথমে বয়কটের কথা জানায়। শপথ অনুষ্ঠানে কেন্দ্রীয় নেতারা হাজির থাকবেন বলে পরে তারা বয়কটের সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসে।