কালিকাপ্রসাদের ভাড়া গাড়ির চালক গ্রেপ্তার

সড়ক দুর্ঘটনায় নিহত প্রখ্যাত লোকসংগীতশিল্পী কালিকাপ্রসাদ ভট্টাচার্যের ভাড়া করা গাড়ির চালক অর্ণব রাও কে পুলিশ ধরে নিয়ে গেছে। গতকাল রোববার গভীর রাতে দক্ষিণ কলকাতার কসবা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে।
৭ মার্চ মাত্র ৪৭ বছর বয়সে সকাল সাড়ে নয়টার দিকে এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান কালিকাপ্রসাদ। অভিযোগ উঠেছে, গাড়িচালকের গাফিলতিতে ওই দুর্ঘটনা ঘটে। ওই সময় চালক নাকি ঘুমাচ্ছিলেন।
দুর্ঘটনার দিন বীরভূম জেলা সদরের সিউড়ির বিদ্যাসাগর কলেজের একটি অনুষ্ঠানে গান গাওয়ার কথা ছিল কালিকাপ্রসাদ ও তাঁর দল দোহারের। কালিকাপ্রসাদ দলের চারজনকে নিয়ে গাড়িতে করে সিউড়ির উদ্দেশে রওনা হন। পথে হুগলি জেলার দুর্গাপুর এক্সপ্রেসওয়ের গুড়াপের কাছে গাড়িটি দুর্ঘটনায় পড়ে। গাড়ি মহাসড়কের পাশের ব্যারিকেড ভেঙে পাশের একটি নালায় পড়ে দুমড়েমুচড়ে যায়। সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন এসে আহত ছয়জনকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানেই চিকিৎসকেরা কালিকাপ্রসাদকে মৃত ঘোষণা করেন। বিকেলে আহত নীলাদ্রি রায়, অর্ণব রাও, সন্দীপন পাল, সুদীপ্ত চক্রবর্তী ও রাজীব দাসকে কলকাতায় পাঠানো হয়। পরের দিন সুদীপ্ত ছাড়া অন্যরা বাড়িতে চলে যান।
কালিকাপ্রসাদ ভট্টাচার্যের জন্ম আসামের বাঙালি-অধ্যুষিত কাছার জেলার শিলচরে সেই ১৯৭০ সালের ১১ সেপ্টেম্বর। জন্মেছিলেন এক শিল্পী পরিবারে। বাবা, কাকা ও ফুপু ছিলেন সংগীতের সাধক। কালিকাপ্রসাদ ১৯৯৯ সালে গড়েছিলেন দোহার লোকগীতির দল।
রাজীব দাস প্রথম আলো বলেন, অর্ণব ঘুমের ঘোরে গাড়ি চালাচ্ছিলেন। এ ঘটনায় কালিকাপ্রসাদের স্ত্রী ঋতচেতা গতকাল থানায় এফআইআর করেন। এরই ভিত্তিতে অর্ণবকে আটক করা হয়েছে।