কালোটাকা ফিরিয়ে আনতে বৈশ্বিক সহায়তা চান মোদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদেশের ব্যাংকে ভারতীয়দের রাখা কালোটাকা ফিরিয়ে আনতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অস্ট্রেলিয়ার ব্রিসবেনে গতকাল রোববার শেষ হওয়া জি-২০ শীর্ষ সম্মেলনে এক ভাষণে তিনি এই সহযোগিতা কামনা করেন। খবর টাইমস অব ইন্ডিয়া ও দ্য হিন্দু।
দুই দিনের সম্মেলনের সমাপনী দিনে গতকাল ‘বৈশ্বিক অর্থনীতির সহনক্ষমতা বৃদ্ধি’ শীর্ষক এক অধিবেশনে দেওয়া মোদির ভাষণের লক্ষ্য ছিল কর রেয়াতদানকারী দেশগুলো। করসংক্রান্ত তথ্যের স্বয়ংক্রিয় আদান-প্রদানে নতুন বৈশ্বিক মানদণ্ড মেনে চলার ক্ষেত্রে ভারত সহযোগিতা করবে বলে আশ্বাস দেন তিনি। এ ক্ষেত্রে বিভিন্ন দেশের ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান জানিয়ে মোদি বলেন, কেবল কালোটাকার ক্ষেত্রেই নয়, সন্ত্রাস, মাদক ও অস্ত্র চোরাচালানের মতো নিরাপত্তাসংক্রান্ত বিষয়ে সমন্বিত উদ্যোগের দরকার।
গুজরাটের দাঙ্গার কারণে আন্তর্জাতিক মহলে মোদির প্রতি যে ‘অচ্ছুত ভাব’ ছিল সেটি একেবারে উবে গেছে। এবারের জি-২০ সম্মেলনে রীতিমতো ‘রকস্টারের’ মর্যাদা পান মোদি।
ব্রিসবেনে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে সাক্ষাৎ করেন মোদি। তিনি সম্মেলনের প্রথম দিন শনিবার প্রথম সাক্ষাৎ করেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে। প্রথম সাক্ষাতে ক্যামেরন বলেন, ভারতের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তাঁর দেশের বৈদেশিক নীতির অন্যতম অগ্রাধিকারের মধ্যে আছে।
জি-২০ সম্মেলেন শুরুর আগেই মোদি সাক্ষাৎ করেন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের সঙ্গে। আয়োজক দেশ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবেটও উষ্ণ অভ্যর্থনা জানান মোদিকে।
এ ছাড়া সৌদি আরবের রাজপুত্র সালমান বিন আবদুল আজিজ আল সৌদের সঙ্গে সাক্ষাৎ করেন মোদি। সেখানে সৌদি রাজপুত্র ভারতকে সব ধরনের সহযোগিতা দিতে প্রতিশ্রুতি দেন।
অস্ট্রেলিয়ার ফেডারেল পার্লামেন্টে প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ভাষণ দেবেন মোদি। সেখানে তিনি হিন্দি ভাষায় ভাষণ দেবেন।
মহাত্মা গান্ধীর মূর্তি উন্মোচন: ব্রিসবেনের রোমা স্ট্রিট পার্কল্যান্ডে গতকাল ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীর মূর্তি উন্মোচন করেন নরেন্দ্র মোদি। সেখানে এক ভাষণে মোদি বলেন, জীবদ্দশায় যেমন তেমনি আজও মহাত্মা সমান গুরুত্বপূর্ণ। মহাত্মার জীবন দর্শন অনুসরণ করলে পৃথিবীর নানা সমস্যার সমাধান হতে পারে।