কালোটাকার বিষয়ে ইউপিএ সরকারের পথেই বিজেপি!
কালোটাকার প্রশ্নে সাবেক ক্ষমতাসীন জোট সংযুক্ত প্রগতিশীল মোর্চার (ইউপিএ) পথেই হাঁটছে ভারতের বর্তমান বিজেপি সরকার। অথচ বিরোধী দলে থাকতে ইউপিএর ওই অবস্থানের জন্য বিজেপি তাদের ব্যাপক সমালোচনা করেছিল।
পর পর দুই মেয়াদে ক্ষমতায় থাকা ইউপিএ সরকারের নেতৃত্ব দেওয়া কংগ্রেস অভিযোগ করে বলছে, বিজেপি এখন কালোটাকার প্রশ্নে ‘ভন্ডামি’ করছে।
কংগ্রেসের এই অভিযোগ অস্বীকার করেছেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। গতকাল শনিবার তিনি নয়াদিল্লিতে সাংবাদিকদের বলেন, কালোটাকার মালিকদের ‘নাম প্রকাশে সরকারের অনীহা নেই।’ তিনি আরও বলেন, ‘এখানে ভন্ডামির প্রশ্ন উঠছে কেন? আইনের আওতায় থেকে কালোটাকার মালিকদের নাম প্রকাশ করতে আমাদের কোনো সমস্যা নেই।’
বিজেপি সরকার গতকাল দেশটির সুপ্রিম কোর্টকে বলেছে, বিদেশি ব্যাংক হিসাবের মালিকদের নাম সরকার প্রকাশ করতে পারে না। কারণ, এতে করে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে ভারতের বিদ্যমান কর-সংক্রান্ত চুক্তি লঙ্ঘিত হতে পারে। সুপ্রিম কোর্টকে সরকারের এই অবস্থান জানানোর পর পর অর্থমন্ত্রী অরুণ জেটলি কালোটাকা প্রশ্নে এমন মন্তব্য করলেন।
জেটলি আরও বলেন, ১৯৯৫ সালে কংগ্রেস ক্ষমতায় থাকার সময় একটি চুক্তি স্বাক্ষরিত হয়। ওই চুক্তি অনুযায়ী তখনই কারও নাম প্রকাশ করা যাবে যখন কিনা ওই ব্যক্তির বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের হবে।
কংগ্রেসের নেতা সালমান খুরশিদ বলেন, বিজেপির এখন উচিত হবে ওই চুক্তি থেকে হয় বেরিয়ে যাওয়া, নয়তো কংগ্রেস ক্ষমতায় থাকতে তাদের সমালোচনা করায় এখন ক্ষমা চাওয়া।