কালোটাকা নিয়ে সংসদে হট্টগোল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারদা কেলেঙ্কারি ও বর্ধমান বিস্ফোরণ নিয়ে জেরবার তৃণমূল কংগ্রেস কালোটাকাকে হাতিয়ার করে বিজেপির ওপর রাজনৈতিক চাপ বাড়াল। বিদেশে মজুত কালোটাকা ফেরানোর যে প্রতিশ্রুতি বিজেপি নির্বাচনী প্রচারে দিয়েছিল, তা পূরণ না করায় তৃণমূল কংগ্রেস গতকাল মঙ্গলবার সংসদের ভেতর ও বাইরে বিক্ষোভ দেখায়। তাদের দাবি ও আন্দোলনকে সমর্থন জানায় কংগ্রেস, আরজেডি, এসপি, জেডিইউ, এএপি ও বামপন্থীরা। তৃণমূলের এই আন্দোলনের জন্য সংসদের উভয় কক্ষের অধিবেশন বারবার মুলতবি হয়ে যায়।
সারদাকাণ্ডে তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী সাংসদ সৃঞ্জয় বসুকে দুদিন আগে সিবিআই গ্রেফতার করেছে। দলের মন্ত্রী ও সাংসদদের আরও কাউকে কাউকে যেকোনো দিন জিজ্ঞাসাবাদ ও গ্রেফতার করা হতে পারে বলে দলীয় নেতৃত্ব আশঙ্কা করছে। সিবিআইয়ের এই তদন্তকে তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের বিরুদ্ধে বিজেপির চক্রান্ত বলে মনে করছেন। এর প্রতিবাদে তিনি সোমবার কলকাতায় মিছিল পর্যন্ত করেছেন। তখনই ঠিক হয়, কালোটাকা নিয়ে সংসদের ভেতর-বাইরে সরকারকে জেরবার করা হবে।
গতকাল সকাল ১০টা থেকেই দলীয় সাংসদেরা কালো ছাতা নিয়ে সংসদ ভবনের সিঁড়িতে বসে পড়েন। ছাতায় লেখা ‘কালোটাকা দেশে ফেরাও’। সেই ধরনায় যোগ দেন জেডিইউয়ের শারদ যাদব, কে সি ত্যাগী, এসপির মুলায়ম সিং যাদবেরা। বেলা ১১টায় অধিবেশন শুরু হওয়া মাত্র তাঁরা ওয়েলে নেমে আসেন। শুরু হয় স্লোগান। দুই কক্ষের অধিবেশনই সাময়িকভাবে মুলতবি করে দেওয়া হয়। তৃণমূল কংগ্রেসের দাবি, অধিবেশনের দৈনন্দিন কাজ বন্ধ রেখে কালোটাকা নিয়ে আলোচনা করতে হবে। লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন ও রাজ্যসভার চেয়ারম্যান হামিদ আনসারি প্রশ্নোত্তর পর্ব বন্ধে রাজি হননি। সরকার জানিয়ে দেয়, যেকোনো সময় কালোটাকা প্রসঙ্গে তারা আলোচনায় প্রস্তুত। কিন্তু তৃণমূল কংগ্রেস অধিবেশন চালাতে দিতে রাজি হয় না। বেলা দুটো পর্যন্ত এই অচলাবস্থা চলে। তৃণমূল কংগ্রেসের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কালো ছাতা নিয়ে বিক্ষোভ প্রতীকী। এটা বোঝাতে চেয়েছি, কালো ছাতার আড়ালে সরকার কালোটাকার মালিকদের রক্ষা করছে।’ সাবেক রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদী প্রথম আলোকে বলেন, ‘এই বিষয়টা নিয়ে আমরা ধর্মনিরপেক্ষ জোট করে ফেললাম। এটা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ।’
কালোটাকা নিয়ে তৃণমূল কংগ্রেসের দাবি সমর্থন করে সমাজবাদী পার্টির নেতা মুলায়ম সিং যাদব বলেন, কংগ্রেস তবু বিদেশে জমা রাখা কালোটাকার অঙ্ক জানিয়েছিল। এই সরকার তা-ও করেনি। উল্টো নির্বাচনী প্রতিশ্রুতি সত্ত্বেও এখন বলছে, কালোটাকার মালিকদের নাম জানানো যাবে না। বহুজন সমাজ পার্টির নেত্রী মায়াবতীও সরকারের সমালোচনা করে বলেন, নরেন্দ্র মোদি এই প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছেন। সংসদবিষয়ক মন্ত্রী ভেঙ্কাইয়া নাইডু বলেন, সরকারের লুকানোর কিছু নেই। যেকোনো সময় সরকার আলোচনায় রাজি। কিন্তু বিরোধীরা তা চায় না। তারা সংসদের মর্যাদা রক্ষায় আগ্রহী নয়।