ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক হয়নি। গোটা উপত্যকা গতকাল সোমবারও ছিল থমথমে। গতকাল নিহত হয়েছে আরও ৬ জন। হিংসাত্মক ঘটনার মোট বলি এখন পর্যন্ত ২৩ জন।
এদিকে গতকালই এ ঘটনা নিয়ে প্রথম আনুষ্ঠানিক মন্তব্য করেছে পাকিস্তান। পাকিস্তানের প্রতিক্রিয়ার প্রভাব উপত্যকায় পড়ে কি না, সেদিকে রাজ্য প্রশাসনকে নজর রাখতে বলা হয়েছে।
শ্রীনগরসহ অন্যত্র কারফিউ গতকাল তৃতীয় দিনেও শিথিল হয়নি। বিচ্ছিন্নতাবাদী নেতাদেরও নজরবন্দী রাখা হয়েছে। তবে অন্য দিনের তুলনায় গতকাল উপত্যকা ছিল শান্ত। কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি রাজ্যবাসীকে শান্তি ফেরানোর জন্য সরকারের সঙ্গে সহযোগিতার আবেদন জানিয়েছেন। সব রাজনৈতিক দলকেই এ অনুরোধ জানানো হয়েছে। ন্যাশনাল কনফারেন্স নেতা সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এর জবাবে বলেছেন, তিনি পূর্ণ সহযোগিতায় রাজি। তবে সে জন্য মেহবুবাকে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে। মেহবুবা এখনো কোনো উপদ্রুত অঞ্চলে যাননি। গত রোববার তিনি এক বিবৃতিতে বলেছেন, নিরাপত্তারক্ষীরা প্রয়োজনের তুলনায় বেশি বলপ্রয়োগ করেছে কি না, তা তদন্ত করে দেখা হবে।
কাশ্মীর পরিস্থিতি নিয়ে মুখ খুলল পাকিস্তান। প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের অফিস থেকে গতকাল এক বিবৃতিতে বলা হয়েছে, নিরীহ নাগরিকের ওপর মাত্রাছাড়া শক্তিপ্রয়োগ হয়েছে। ভারতের উচিত মানবাধিকারকে রক্ষা ও সম্মান করা। সংবাদমাধ্যম এএনআই জানায়, নওয়াজ শরিফ তাদের বলেছেন, শুধু মানবাধিকার রক্ষাই নয়, কাশ্মীরের জনসাধারণকে ভয় দেখিয়ে আত্মনিয়ন্ত্রণের দাবি থেকে সরানো যাবে না। ভারতের উদ্দেশে তিনি বলেন, জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী ভারতের উচিত কাশ্মীরে গণভোটের ব্যবস্থা করা।
পাকিস্তানের এ প্রতিক্রিয়ার জবাব ভারত সন্ধ্যা পর্যন্ত দেয়নি। তবে জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক সোমবার থেকে খুলে দেওয়া হয়। অমরনাথ যাত্রীরা যাঁরা দুদিন ধরে জম্মুতে অপেক্ষা করছিলেন, তাঁদেরও উপত্যকায় যেতে দেওয়া হয়। গত দুদিন চুপ থাকার পর পাকিস্তানি প্রধানমন্ত্রী সোমবার কেন প্রতিক্রিয়া জানালেন, আপাতত তাই নিয়ে জল্পনা চলছে।