কাশ্মীর নিয়ে কাল পিডিপির বৈঠক
ভারতের জম্মু-কাশ্মীরে সরকার গঠনের বিষয়ে পিপলস ডেমোক্রেটিক পার্টি (পিডিপি) সম্ভবত আগামীকাল রোববার সিদ্ধান্ত নিতে চলেছে। পিডিপি সভানেত্রী মেহবুবা মুফতি কাল দলীয় নেতা ও বিধায়কদের বৈঠক ডেকেছেন। ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সঙ্গে তিনি জোট সরকার গড়বেন কি না কিংবা গড়লেও কোন শর্তে জোট গড়বেন, ওই বৈঠকে তার স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাবে বলে মনে করছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।
মুফতি মহম্মদ সঈদের মৃত্যুর পর তিন সপ্তাহ কেটে গেলেও মুফতি-কন্যা মেহবুবা সরকার গঠন করবেন কি না সে বিষয়ে এখনো নীরব। বাবার মতো বিজেপির সঙ্গে জোট সরকার গড়বেন, নাকি কংগ্রেস ও স্বতন্ত্রদের সাহায্যে সরকার গড়তে উদ্যোগী হবেন, সে নিয়ে এখনো স্পষ্ট করে তিনি কিছু জানাননি। দিনকয়েক আগে রাজ্যের শীতকালীন রাজধানী জম্মুর সরকারি বাসভবন ছেড়ে মেহবুবা সপরিবার শ্রীনগর চলে গেছেন। এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। এই পরিস্থিতিতেই হবে আগামীকালের বৈঠক। ওই রাজ্যে এখন চলছে রাজ্যপালের শাসন।
রাজ্য বিধানসভার ৮৭ আসনের মধ্যে পিডিপির ২৮টি, বিজেপি ২৫টি, ন্যাশনাল কনফারেন্সের (এনসি) ১৫টি, কংগ্রেসের ১২টি, পিপলস কনফারেন্সে ২টি আর স্বতন্ত্র ৫টি। বিজেপির সঙ্গে না গেলে কংগ্রেসের সমর্থনে পিডিপি বাইরে থেকে এনসির সমর্থন নিয়ে সরকার গড়তে পারে। অথবা এনসির সমর্থন ছাড়াই কংগ্রেস, পিপলস কনফারেন্স ও স্বতন্ত্রদের নিয়ে মেহবুবার পক্ষে সরকার গড়া সম্ভব। এই ধরনের সরকার গড়া এনসির সক্রিয় সমর্থন নিয়ে বিজেপির পক্ষেও সম্ভব। কিন্তু মুফতি মহম্মদের সঙ্গে বিজেপি যেহেতু হাত মিলিয়েছিল, তাই তাঁর মেয়ের সিদ্ধান্তকে তারা গুরুত্ব দিতে চায়। বিজেপির কেন্দ্রীয় সূত্র অনুযায়ী পিডিপি দ্বিধাবিভক্ত। এনসিও তাদের সমর্থন দিতে প্রস্তুত। কিন্তু মেহবুবা কী চান তা না জেনে দলটি এগোতে নারাজ।
বিজেপির সঙ্গে সরকার গড়ায় মেহবুবার সায় ছিল না। কিন্তু বাবার রাজনৈতিক বিরোধিতা তিনি করতে চাননি। এখন তিনি চাইছেন বিজেপির সঙ্গে একান্তই সরকার গড়তে হলে তা যেন তাঁর শর্ত মেনে হয়। তাঁর শর্তগুলোর একটি হলো রাজ্য থেকে সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা প্রত্যাহার। তা ছাড়া বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে আলোচনা চালানোর প্রশ্নেও পিডিপি চায় বিজেপি নমনীয় হোক। মুফতি মহম্মদ সঈদ বিচ্ছিন্নতাবাদী নেতা মাসরাত আলমকে মুক্তি দিয়েছিলেন। পরে কেন্দ্রের চাপে তাঁকে ফের গ্রেপ্তার করা হয়।
দক্ষিণ কাশ্মীর পিডিপির শক্ত ঘাঁটি। বিজেপির সঙ্গে জোট বাঁধার ফলে দলের সমর্থনে ভাটা পড়েছে। মেহবুবা তা উপলব্ধি করেছেন। এই কারণেই তাঁর মধ্যে একটা দোলাচল কাজ করছে। এর মাঝে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী উপত্যকায় গিয়ে সমর্থনের প্রস্তাব দিয়ে এসেছেন। বিজেপি মনে করছে, আগামী কালকের বৈঠকে মেহবুবা স্থির সিদ্ধান্ত নেবেন। আর তা দেখেই বিজেপি পরবর্তী পদক্ষেপ নেবে।