কাশ্মীর পরিস্থিতি মোটামুটি শান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আশঙ্কা ছিল, তাই আজ শুক্রবার কাশ্মীর উপত্যকার সব জেলাতেই কারফিউ জারি করা হয়। অবশ্য আশঙ্কা সত্য হয়নি। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত নতুন করে বিক্ষোভ বা কোনো হিংসাত্মক ঘটনার খবর পাওয়া যায়নি। গত শনিবার থেকে শুরু হওয়া হিংসাত্মক ঘটনায় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৬।

উপত্যকায় সাধারণত শুক্রবার জুম্মার নামাজের পরপরই বিক্ষোভ শুরু হয়ে থাকে। গতকাল বৃহস্পতিবার সীমান্তপার থেকে হিজবুল নেতা সৈয়দ সালাউদ্দিন আরো হিংসার হুঁশিয়ারি শুনিয়েছিলেন। পাকিস্তান সরকারও শুক্রবার কাশ্মীর নিয়ে মন্ত্রিসভার বিশেষ ডেকেছিল। ফলে আশঙ্কা করা হচ্ছিল উপত্যকায় নতুন করে হিংসা ছড়াতে পারে।

গুজব যাতে না ছড়ানো যায় সে জন্য ইন্টারনেট ও মোবাইল পরিসেবা এখনো বন্ধ রাখা হয়েছে। বন্ধ রয়েছে সরকারি অফিস ও স্কুল কলেজ। নিরাপত্তারক্ষীদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয় সংযমী হওয়ার জন্য। অতিরিক্ত বাহিনীও পাঠানো হয়েছে।

গত বুধবার থেকেই উপত্যকা মোটামুটি শান্ত। কিন্তু প্রশাসন তবুও কোনো ঝুঁকি নিতে নারাজ। একটা কারণ হুরিয়ত নেতাদের হরতালের ডাক, দ্বিতীয় কারণ পাকিস্তান থেকে অব্যাহত উস্কানি। তাই কারফিউ তোলার সিদ্ধান্ত নেওয়ার আগে অনেক ভাবনাচিন্তু করতে হচ্ছে।

পূর্ব ঘোষণা অনুযায়ী শুক্রবার পাকিস্তান মন্ত্রিসভার বিশেষ বৈঠকে কাশ্মীর নিয়ে এক প্রস্তাব পাস হয়। ঠিক হয়েছে, কাশ্মীরের জনগণের উপর ‘অমানবিক অত্যাচারের’ প্রতিবাদে ১৯ জুলাই ‘কালো দিবস’ পালন করা হবে। নিহত হিজবুল নেতা বুরহান ওয়ানিকে ‘স্বাধীনতা আন্দোলনের শহীদ’ আখ্যা দেওয়া হয়। বৈঠকে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ বলেন, কাশ্মীরিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের এই সংগ্রামে পাকিস্তান নৈতিক, রাজনৈতিক ও কূটনৈতিক সমথন জানিয়ে যাবে। একদিন সেই অধিকার কাশ্মীরের জনগণ পাবেন কারণ গোটা পাকিস্তান কাশ্মীরিদের জন্য একজোট হয়ে তাঁদের পাশে রয়েছে।

কাশ্মীরকে কেন্দ্র করে ভারত-পাকিস্তান দ্বিপক্ষীয় সম্পকের আরো অবনতি ঘটেছে। জাতিসংঘে পাকিস্তান কাশ্মীর প্রসঙ্গ তুললে ভারতও তার কড়া জবাব দিয়ে বলে, কাশ্মীর নিয়ে কথা বলার কোনো অধিকারই পাকিস্তানের নেই।