কাশ্মীর পুরোটাই ভারতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাশ্মীর একদিন ইসলামাবাদের অধীন হবে বলে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ যে মন্তব্য করেছেন, তার কড়া জবাব দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। তিনি গতকাল শনিবার নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে বলেন, নওয়াজের ওই স্বপ্ন ‘বিপজ্জনক, যদিও বিভ্রান্তিকর’। আর তা কখনোই সত্যি হবে না।
সুষমা স্বরাজ জোরালোভাবে বলেন, সন্ত্রাসবাদে পাকিস্তানের নির্লজ্জ সহায়তা এবং প্ররোচনার নেপথ্যে রয়েছে ওই বিভ্রান্তিকর ও বিপজ্জনক স্বপ্ন। এর জবাবে দেশটির প্রধানমন্ত্রীকে সমগ্র ভারত বলতে চায়, ‘আপনাদের এমন স্বপ্ন কোনোকালেই সত্যি হবে না। জম্মু ও কাশ্মীরের পুরোটাই ভারতের অংশ। এই ভূস্বর্গকে আপনারা কখনো সন্ত্রাসীদের স্বর্গে রূপান্তর করতে পারবেন না।’
রাজনাথের সঙ্গে বৈঠকে নেই কাশ্মীরি ব্যবসায়ীরা: স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং কাশ্মীরের গোলযোগপূর্ণ পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য শ্রীনগরে এক বৈঠক আহ্বান করলেও কাশ্মীরের ব্যবসায়ী নেতারা তাতে যোগ দিতে রাজি হননি। রাজনাথ দুই দিনের সফরে জম্মু-কাশ্মীরে গেছেন। সেখানকার সব রাজনৈতিক নেতার পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তিনি মতবিনিময় করছেন। রাজ্যের গভর্নর নরিন্দর নাথ ভোরা এবং মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির সঙ্গেও তাঁর বৈঠকের কথা রয়েছে।
তবে কাশ্মীর ইকোনমিক অ্যালায়েন্স, চেম্বার অব কমার্স এবং বিভিন্ন হোটেল অ্যাসোসিয়েশন ও পরিবহন সমিতি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের আহ্বান প্রত্যাখ্যান করেছে।
আর স্বরাষ্ট্রমন্ত্রীর এই পদক্ষেপকে ‘লোক দেখানো’ বলে অভিহিত করেছে কংগ্রেস। দলটি বলেছে, এটা কোনো কাজে আসবে না।
জম্মু-কাশ্মীরে সহিংসতা রুখতে ১৫ দিন ধরে সান্ধ্য আইন (কারফিউ) জারি রয়েছে। সহিংসতায় রাজ্যে গত দুই সপ্তাহে এ পর্যন্ত ৪৬ জন নিহত এবং অন্তত ২ হাজার ৪০০ জন আহত হয়েছে। মুঠোফোন সেবাও স্থগিত রয়েছে কাশ্মীর উপত্যকাজুড়ে। চলতি মাসের শুরুর দিকে হিজবুল মুজাহিদিনের সন্ত্রাসী বুরহান ওয়ানির নিহত হওয়ার জেরে সহিংসতা শুরু হয়।