কাশ্মীর সীমান্তে গোলাগুলিতে ভারতীয় সেনাসহ নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাশ্মীরে ভারত-পাকিস্তান সীমান্তে দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলির সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যসহ চারজন নিহত হয়েছেন। ভারতনিয়ন্ত্রিত কাশ্মীর ও পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মধ্যে সীমান্তবর্তী হারপাল, পুখলিয়ান ও চারবাহ গ্রামে গতকাল সোমবার ভোরের দিকে এ ঘটনা ঘটে।
ভারতীয় পুলিশ বলেছে, পুরা সেক্টরে ব্যাপক গোলাগুলিতে বিএসএফের এক সদস্য ও ছয় বছর বয়সী এক বালক নিহত হয়েছে। জম্মু-কাশ্মীর পুলিশের মহাপরিদর্শক দানিশ রানা বলেন, পাকিস্তানি সেনাদের ছোড়া মর্টার শেলের স্প্লিন্টারের আঘাতে বিএসএফের সদস্য ও ওই শিশুর মৃত্যু হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে পুলিশের অপর এক কর্মকর্তা বলেন, গুলিবিনিময়ের ঘটনায় আরও ছয় বেসামরিক লোক আহত হয়েছেন।
পাকিস্তান কর্তৃপক্ষ গতকাল এক বিবৃতিতে বলেছে, ভারতীয় বাহিনীর ‘উসকানিতে’ এ গুলিবিনিময়ের ঘটনায় পাকিস্তান ভূখণ্ডে ১৮ মাস বয়সী এক শিশু ও এক বেসামরিক লোক নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও সাত বেসামরিক লোক। দেশটির সেনাবাহিনীর এক বিবৃতিতেও একই কথা বলা হয়েছে।
সম্প্রতি দক্ষিণ এশিয়ায় পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের সম্পর্কের আরও অবনতি ঘটে। বিশেষ করে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে উরির সেনাছাউনিতে সন্ত্রাসী হামলার ঘটনার পর এর জন্য ইসলামাবাদকে দায়ী করে নয়াদিল্লি।