অনেকটা শান্ত কাশ্মীর সীমান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধপূর্ণ কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের বাহিনীর মধ্যে গোলাগুলি গতকাল শুক্রবার উল্লেখযোগ্য হারে কমে যায়। তবে সীমান্তে আবারও সংঘাতের আশঙ্কা করা হচ্ছে। দুই দেশ একে অপরকে হুঁশিয়ারি দিয়ে যাচ্ছে। খবর এনডিটিভি ও ডনের।
কদিন ধরে জম্মু-কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের মধ্যে গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ সংঘর্ষ চলে। এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার ভারতের প্রধানমন্ত্রী মোদি ও প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলি হুঁশিয়ার করে দিয়ে বলেন, সীমান্তে গুলি ছুড়ে পাকিস্তান অস্ত্রবিরতি লঙ্ঘন করেছে। এর চরম মূল্য দিতে হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল সীমান্ত পরিস্থিতি শান্ত ছিল। তবে দুই পক্ষের মধ্যে তুমুল লড়াইয়ের আশঙ্কা দূর হয়নি। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ‘অপেক্ষা করে পর্যবেক্ষণের’ নীতি অনুসরণ করছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট ভারতীয় সূত্রের ইঙ্গিত, নিজের পক্ষে হতাহত ও সম্পদহানিতে হলেও ভারত উচিত জবাব দিতে পিছপা হবে না, এ বার্তা ইসলামাবাদে পৌঁছে গেছে।
অন্যদিকে সীমান্তে সংঘাত বিষয়ে গতকালই পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে প্রধামন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, উভয় দেশই তাদের সক্ষমতা সম্পর্কে অবগত। যুদ্ধ কখনো কোনো সমাধান নয়।
বিবৃতিতে আরও বলা হয়, পরিস্থিতি স্বাভাবিক করতে দুই দেশের নেতাদেরই দায়িত্ব নিতে হবে। নিজের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলে এমন যেকোনো চেষ্টার জবাব পাকিস্তান ‘পূর্ণ শক্তিতে’ দেবে। সীমান্তে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় দেশটির সেনাবাহিনী প্রস্তুত আছে।
সীমান্তে পতাকা বৈঠকে বসার বিষয়ে গতকাল পর্যন্ত সিদ্ধান্ত হয়নি। ভারতনিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বলেন, দুই দেশের মধ্যে চলা এ সংকট মোচনে এবং ২০০৩ সালের অস্ত্রবিরতি চুক্তি বহাল রাখতে পতাকা বৈঠকে বসা জরুরি। তিনি অভিযোগ করেন, পাকিস্তানের পক্ষ থেকে সীমান্তবর্তী ভারতীয় নাগরিকদের ঘরবাড়ি লক্ষ্য করে কামানের গোলা ছোড়া হয়।
সীমান্তে কয়েক দিন ধরে চলা সংঘর্ষে ভারতের পক্ষে অন্তত আটজন বেসামরিক লোকের প্রাণহানি ঘটে। আহত হয় আরও অন্তত ৬০ জন। পাকিস্তানের পক্ষে নিহত সাধারণ মানুষের সংখ্যা নয়। এ ছাড়া সীমান্তবর্তী এলাকা থেকে হাজার হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়।
কাশ্মীর সীমান্তে সংঘাতের এ ঘটনাকে ‘ভারতের আগ্রাসী আক্রমণ’ উল্লেখ করে পাকিস্তানের পাঞ্জাব রেঞ্জারের মহাপরিচালক (ডিজি) জেনারেল তাহির জাভেদ খান গতকাল লাহোরে সংবাদ সম্মেলনে বলেন, ‘রাজনৈতিক আধিপত্য বিস্তারের আশায় হয়তো এই আগ্রাসন চালাচ্ছে ভারত। এটি কোনো সামরিক এজেন্ডা হতে পারে না।’ এ সময় তিনি ভারতের প্রতি দোষারোপ করে বলেন, প্রতিবেশী দেশটি দুই বছর ধরেই নিরস্ত্র পাকিস্তানিদের লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে। এ আক্রমণের মধ্য দিয়ে ভারত অস্ত্রবিরতি লঙ্ঘন করেছে বলেও অভিযোগ করেন তিনি।
এদিকে অস্ত্রবিরতি লঙ্ঘনের অভিযোগ তদন্ত করার জন্য জাতিসংঘের সামরিক পর্যবেক্ষক দলকে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা (এলওসি) পরিদর্শনের সুযোগ দিতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে পাকিস্তান। গতকাল রেডিও পাকিস্তানের খবরে এ তথ্য জানানো হয়। খবরে বলা হয়, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাসনিম আসলাম সাপ্তাহিক ব্রিফিংয়ে বলেন, এরই মধ্যে পাকিস্তানের দিকে এলওসির কাছাকাছি এলাকায় ক্ষয়ক্ষতির দৃশ্য জাতিসংঘের পর্যবেক্ষকদের দেখানো হয়েছে। এখন ভারতের অংশ পর্যবেক্ষণের পর তাঁরা প্রতিবেদন জাতিসংঘে জমা দেবেন।