কাশ্মীর সীমান্তে গোলাগুলি, নিহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন বছরের প্রথম দিনই আজ বৃহস্পতিবার ভারত-পাকিস্তানের কাশ্মীর সীমান্তে দুই দেশের সেনাদের মধ্যে গুলিবিনিময় হয়েছে। এতে দুই দেশের পাঁচ সেনাসদস্য নিহত হয়েছে। এদের মধ্যে চারজন পাকিস্তানের এবং একজন ভারতের।

বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, দুই দেশের মধ্যে আন্তর্জাতিক সীমান্তে এ গোলাগুলির ঘটনা ঘটে।

ভারতের পক্ষ থেকে দাবি করা হয়, পাকিস্তানের সেনাসদস্যদের হামলায় একজন ভারতীয় সেনা নিহত হয়। এ হামলা মোকাবিলা করে ভারত।

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) জম্মু অঞ্চলের মহাপরিদর্শক রাকেশ শর্মা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘আমরা হামলার সমুচিত জবাব দিয়েছি। আন্তর্জাতিক সীমান্তরেখার সাম্বা সেক্টরে পাকিস্তানের চারজন সেনা নিহত হয়েছে।’ বিএসএফের এই কর্মকর্তা বলেন, ‘পাকিস্তানের সেনারা ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা সাদা পতাকা উড়িয়ে গুলি বন্ধের অনুরোধ জানিয়েছে, যাতে নিহতদের লাশ নিয়ে যেতে পারে। তাদের অনুরোধের পর ভারতের পক্ষ থেকে গুলি বন্ধ করা হয়েছে।’

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে দাবি করা হয়, ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনারের কাছে কড়া ভাষায় প্রতিবাদ জানিয়েছে পাকিস্তান। বিনা উসকানিতে সীমান্তে গুলি চালানোর ব্যাপারে প্রতিবাদ জানাতে ভারতের ডেপুটি হাইকমিশনারকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়।

গত বছর ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে আমন্ত্রণ জানানো হয়। তখন ধারণা করা হয়েছিল, এতে করে দিল্লি ও ইসলামাবাদের সম্পর্কের উন্নয়ন হবে। কিন্তু মাঝেমধ্যেই দুই দেশের সীমান্ত উত্তপ্ত হয়ে পড়ে।

ভারত ও পাকিস্তান উভয় দেশই কাশ্মীরকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে। ৬০ বছর ধরেই বিষয়টি অমীমাংসিত অবস্থায় আছে। এই ভূখণ্ডটি নিজেদের দখলে নিতে দুই দেশ দুবার বড় ধরনের যুদ্ধে জড়িয়েছে।