কাশ্মীর সীমান্তে প্রচণ্ড গোলাগুলি, আটজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাশ্মীর সীমান্তে ভারতীয় ও পাকিস্তানি বাহিনীর মধ্যে প্রচণ্ড গোলাগুলি হয়েছে। এতে ভারতে ছয়জন এবং পাকিস্তানে দুজন প্রাণ হারিয়েছেন। দুই দেশের সরকারি কর্মকর্তারা গতকাল রোববার এ কথা জানিয়েছেন।
দুই পক্ষের মধ্যে এবার এমন এক সময়ে গোলাগুলি হয়েছে, যখন উভয় দেশের শীর্ষ নিরাপত্তা উপদেষ্টারা ২৩ আগস্ট নয়াদিল্লিতে বৈঠকে বসতে যাচ্ছেন। খবর এএফপি, এপি ও ডনের।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মনীশ মেহতা বলেন, শ্রীনগর থেকে ৩২০ কিলোমিটার দক্ষিণে পুঞ্চ সেক্টরে পাকিস্তানি সেনারা রকেট ও গোলা ছুড়তে শুরু করলে ভারত পাল্টা হামলা করে।
স্থানীয় পুলিশের মহাপরিদর্শক দানিশ রানা বলেন, গত শনিবার গুলিবিদ্ধ হয়ে একাধিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক নারীসহ তিন বেসামরিক নাগরিক শনিবার মারা যান। আরও তিনজন শনিবার রাতে মর্টারের আঘাতে নিহত হন। বালাকোট এলাকায় তাঁদের বহনকারী একটি গাড়িতে ওই হামলা চালানো হয়। এ নিয়ে দুই দিনে নিহতের সংখ্যা ছয় এবং আহতের সংখ্যা অন্তত ১৭।
পাকিস্তানি কর্মকর্তারা শনিবার বলেন, নিয়ন্ত্রণরেখার (এলওসি) ওপার থেকে ছোড়া গুলিতে সীমান্ত এলাকার একটি গ্রামে দুই বেসামরিক নাগরিক নিহত ও ছয়জন আহত হয়েছেন।
কাশ্মীর সীমান্তে ছয় ভারতীয় নাগরিক নিহত হওয়ার ঘটনায় প্রতিবাদ জানাতে নয়াদিল্লিতে নিযুক্ত পাকিস্তানি হাইকমিশনার আবদুল বাসিতকে গতকাল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়।