কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের গোলাগুলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) ভারতীয় ও পাকিস্তানি বাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে শনিবার। দুপক্ষে গোলাগুলি বিনিময়ে অন্তত দুজন বেসামরিক লোক নিহত হয়েছেন। এ ছাড়া গতকাল রোববার ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের উত্তরাঞ্চলের কুপওয়ারা জেলায় ‘বন্দুকযুদ্ধে’ দুই উগ্রবাদী নিহত হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী।
জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা বরাবর নওশেরা সেক্টরে তিন দফা সংঘর্ষ হয় ভারতীয় এবং পাকিস্তানি বাহিনীর মধ্যে। ভারতের সেনা কর্তৃপক্ষ জানায়, শনিবার গোলাগুলির সময় পাকিস্তানি বাহিনীর ছোড়া গোলা একটি বাড়ির ওপর পড়ে। এতে ৫০ বছর বয়সী তোফায়েল হোসেন এবং তাঁর এক কিশোর আত্মীয় মারা যায়। তিনজন আহত হয়। নওশেরা সেক্টরে গত কয়েক দিনের মধ্যে যুদ্ধবিরতি লঙ্ঘনের তৃতীয় ঘটনা ছিল এটি।
এদিকে রাজৌরি সেক্টরের চিনগাস এলাকায় ফের ভারী ও মর্টারের গোলা ছুড়েছে দুই পক্ষ। গতকাল সকাল থেকে ওই সীমান্তের ভারতীয় চৌকিগুলো লক্ষ্য করে স্বয়ংক্রিয় অস্ত্র ও মর্টারের গোলা ছুড়েছে পাকিস্তানি বাহিনী। ব্যাপক এ গোলাবর্ষণে বেশ কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে কর্তৃপক্ষ সীমান্ত এলাকার এক হাজারের বেশি বাসিন্দাকে সরিয়ে নিতে বাধ্য হয়েছে।
দুই পক্ষই পরস্পরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘন ও বিনা উসকানিতে হামলা চালানোর অভিযোগ করেছে।