কাশ্মীরি জঙ্গিদের 'পোস্টার বয়ের' মৃত্যু সতর্কবার্তা
বিক্ষোভের পর দক্ষিণ কাশ্মীরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। জম্মু ও কাশ্মীরে বিক্ষোভ দমনে আধা সামরিক বাহিনীর ১ হাজার ২০০ সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। কাশ্মীরি জঙ্গিদের ‘পোস্টার বয়’ বুরহান মুজাফফর ওয়ানি নিহত হওয়ার ঘটনাকে সন্ত্রাসবিরোধী অভিযানের বড় সাফল্য বলে মনে করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মনে করছে, ওয়ানি নিহত হওয়ার ঘটনায় তাঁর তরুণ অনুসারীদের কাছে একধরনের সতর্কবার্তা পৌঁছেছে। অস্ত্র হাতে তুলে নেওয়ার পরিণতি কতটা মারাত্মক তা তারা বুঝতে পেরেছে।
গতকাল শনিবার নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষে নিহত কাশ্মীরি জঙ্গিদের ‘পোস্টার বয়’ বুরহান মুজাফফর ওয়ানির দাফনকে কেন্দ্র করে অশান্ত হয়ে ওঠে কাশ্মীর উপত্যকা। ১১ জনের মৃত্যু হয়। উত্তেজিত জনতা তিনটি থানায় আগুনও লাগিয়ে দেয়। পুলিশ জানিয়েছে, গোটা উপত্যকায় কারফিউ জারি থাকবে।
বছর দুয়েক ধরে বুরহান ওয়ানি কাশ্মীরি জঙ্গিদের মুখচ্ছবি হয়ে দাঁড়িয়েছিলেন। দক্ষিণ কাশ্মীরের ট্রাল এলাকার ২২ বছরের এই সুদর্শন যুবক হয়ে ওঠেন হিজবুল মুজাহিদীনের স্বঘোষিত কমান্ডার। গত শুক্রবার নিরাপত্তা বাহিনীর সদস্যরা দক্ষিণ কাশ্মীরের কোকরনাগ এলাকায় হানা দেন। দুই সঙ্গীসহ বুরহান নিহত হন।
ভারতের নিরাপত্তা বাহিনীর জ্যেষ্ঠ এক কর্মকর্তা টাইমস অব ইন্ডিয়াকে বলেন, পাকিস্তানভিত্তিক সন্ত্রাসী দলগুলো ওয়ানিকে ‘শহীদ’ হিসেবে চিহ্নিত করছে। কাশ্মীরিদের কাছে তারা ভারতের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে। কিন্তু সন্ত্রাসী কেবলমাত্র সন্ত্রাসী। কোনো সন্ত্রাসী যদি নিরাপত্তা বাহিনীকে হামলার লক্ষ্যবস্তু করতে চায়, তাহলে সে কতটা জনপ্রিয় তাতে কিছু যায়–আসে না।
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং জম্মু ও কাশ্মীরের জনগণের প্রতি শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, পরিস্থিতি স্বাভাবিক করতে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করছে।
ভারতের নিরাপত্তাকর্মীরা বলছেন, ওয়ানি তরুণদের জঙ্গিবাদের দিকে নিয়ে আসত। সে তরুণদের কাছে ‘আইকন’ হয়ে উঠেছিল। পাকিস্তানভিত্তিক জঙ্গি দল লস্কর-ই-তাইয়েবার সঙ্গে তাঁর যোগসাজশ ছিল।
জম্মু ও কাশ্মীরের জ্যেষ্ঠ এক পুলিশ কর্মকর্তা বলেন, আগামী দিনগুলোতে আরও বিপদ আসতে পারে। বিচ্ছিন্নতাবাদীরা ওয়ানির জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে বিক্ষোভকে উসকে দেওয়ার চেষ্টা করতে পারে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপরও হামলা আসতে পারে।
সরকারি সূত্রে জানা গেছে, অমরনাথ যাত্রায় নিরাপত্তা বজায় রাখতে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের ১২ কমপ্যানি ও আধা সামরিক বাহিনীর ১৩৮ কমপ্যানি নিয়োগ দেওয়া হয়েছে।