কাশ্মীরি পণ্ডিতদের বসবাসের পৃথক ব্যবস্থা নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একেবারে ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী মুফতি মুহম্মদ সাঈদ। উপত্যকা ছেড়ে যাওয়া কাশ্মীরি হিন্দুদের (কাশ্মীরি পণ্ডিত নামে পরিচিত) ফিরিয়ে আনতে পৃথক বাসস্থান প্রতিষ্ঠার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বলে এলেও ২৪ ঘণ্টার মধ্যেই উল্টো কথা বললেন।
মুফতি গতকাল বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় বলেন, ‘(স্বরাষ্ট্রমন্ত্রী) রাজনাথকে আমি বলে এসেছি, পণ্ডিতেরা থাকলে মুসলমানদের সঙ্গেই থাকবেন, যেমনটি তাঁরা থেকে এসেছেন। এটাই কাশ্মীরের বহুত্ববাদের প্রমাণ। ইসরায়েলের মতো আলাদা এলাকা তৈরি করে রাখা হবে না।’
রাজ্য থেকে সেনাবাহিনীর বিশেষ অধিকার আইন পর্যায়ক্রমে প্রত্যাহার প্রশ্নে মুফতির পিডিপি দলের শরিক বিজেপি বিরোধিতা শুরু করেছে। এ নিয়ে তিন দিন আগে জম্মু-কাশ্মীর রাজ্য বিধানসভায় তুলকালাম হয়ে যায়। পরের দিনেই মুখ্যমন্ত্রী দিল্লিতে প্রথমে প্রধানমন্ত্রী ও পরে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন। গতকালই সরকারি বিবৃতিতে বলা হয়, হিন্দু পণ্ডিতদের রাজ্যে ফেরানোর প্রশ্নে বিজেপির প্রস্তাবে মুফতি রাজি হয়েছেন। এ খবর প্রচারিত হওয়ার পর উপত্যকার বিরোধীদের সঙ্গে শাসক পিডিপি সদস্যরাও সরব হন।
বিরোধী দল কংগ্রেস ও ন্যাশনাল কনফারেন্সও এর বিরোধিতা করে। এই সমালোচনার মুখেই গতকাল মুফতি বলেন, কী করে এমন প্রচার হলো, সেটাই বিস্ময়ের। কোনো প্রকল্প নেই, কোনো সিদ্ধান্ত নেই, অথচ রটে গেল আলাদা ব্যবস্থা করা হচ্ছে। রাজ্যের মধ্যে রাজ্য। এটা কখনো হবে না।
গত ৩০ বছরে সংঘাতের জেরে প্রায় তিন লাখ পণ্ডিত কাশ্মীরছাড়া। তাঁদের ঘরে ফেরাতে কেন্দ্রের ক্ষমতায় এসে বিজেপি সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহকে আলাদা ‘টাউনশিপ’ তৈরির প্রস্তাব দিয়েছিল। ওমর রাজি হননি। মুফতিকে দিয়ে সেই চেষ্টাই নতুনভাবে করতে চেয়েছেন রাজনাথ সিং। কিন্তু সর্বস্তরে প্রবল বিরোধিতার মুখে মুফতি পিছু হটলেন।