কাশ্মীরে আটক দুই নেতা ওমর ও মেহবুবার সঙ্গে স্বজনদের দেখা করার অনুমতি

ভারতনিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের সাবেক দুই আটক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ ও মেহবুবা মুফতির সঙ্গে স্বজনদের দেখা করতে দেওয়া হয়েছে। গত ৫ আগস্ট সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ রদ করে জম্মু ও কাশ্মীরকে দ্বিখণ্ডিত করার ঘোষণার পর কাশ্মীরে ১৪৪ ধারা জারি করা হয় এবং সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। সাবেক দুই মুখ্যমন্ত্রীসহ অসংখ্য নেতা–কর্মী ও সাধারণ লোকজনকে আটক করা হয়। ভারতীয় সেনাদের বিরুদ্ধে আটক ব্যক্তিদের ব্যাপক নির্যাতনের অভিযোগও উঠেছে।
আজ রোববার এনডিটিভি অনলাইনের খবরে সূত্রের বরাতে বলা হয়, ওমর আবদুল্লাহকে শ্রীনগরের হারি নিবাস লজ এবং মেহবুবা মুফতিকে চেসমাশাহিতে পর্যটন দপ্তরের এক ভবনে আটক রাখা হয়েছে। ওই ভবনকে সাবজেল ঘোষণা করা হয়েছে। গত ৫ আগস্ট তাঁদের আটক করা হয়। বিশেষ মর্যাদা রদের পর জম্মু ও কাশ্মীরে সম্ভাব্য বিক্ষোভ ঠেকাতে ‘পূর্বসতর্কতামূলক পদক্ষেপ’ হিসেবে তাঁদের আটক করা হয়।
সূত্রমতে, পিপলস ডেমোক্রেটিক পার্টির প্রধান মেহবুবা মুফতির স্বজনদের গত বৃহস্পতিবার তাঁর সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হয়। হারি নিবাসে ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লাহর সঙ্গে দুবার দেখা করেছেন তাঁর পরিবারের সদস্যরা।
গতকাল শনিবার হারি নিবাসে বন্দী ওমর আবদুল্লাহর সঙ্গে দেখা করেছেন তাঁর বোন সাফিয়া এবং বোনের সন্তানেরা। তাঁরা ২০ মিনিট সেখানে ছিলেন। এর আগে তাঁরা গত সোমবার প্রথমবার দেখা করার অনুমতি পান। গত বৃহস্পতিবার মেহবুবা মুফতির মা ও বোন তাঁর সঙ্গে দেখা করেন।
জানা গেছে, ওমর আবদুল্লাহর সঙ্গে দেখা করার আগে গত ১২ আগস্ট ঈদুল আজহার দিন তাঁর বোন সাফিয়া ও খালা ফোনে কথা বলার সুযোগ পান। সূত্রমতে, জম্মু ও কাশ্মীরের জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তারা বন্দী ওমর আবদুল্লাহর সঙ্গে তিনবার দেখা করেছেন। তবে তাঁর সঙ্গে দেখা করার অনুমতি চেয়ে ছেলের বারবার করা আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে।
অবরুদ্ধ কাশ্মীরে কেবল সংযোগ বিচ্ছিন্ন ও পত্রিকা পৌঁছানোর অনুমতি না থাকায় বন্দী দুই নেতার টেলিভিশনের সংবাদ চ্যানেল দেখার বা পত্রিকা পড়ার সুযোগ নেই। তবে তাঁদের সিনেমা দেখার জন্য ডিভিডি প্লেয়ার দেওয়া হয়েছে। ৪৯ বছরের ওমর আবদুল্লাহ তাঁর ট্যাবে বই পড়ে সময় কাটাচ্ছেন এবং হারি নিবাস প্রাঙ্গণে নিয়মিত হাঁটছেন।
যদিও কর্তৃপক্ষ দাবি করেছে, জম্মু ও কাশ্মীরের অবরোধ ধীরে ধীরে তুলে নেওয়া হবে, তবে রাজনৈতিক নেতাদের মুক্ত করে দেওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। উল্টো গভর্নর সত্য পাল মালিক কৌতুক করে বলেছেন, এই আটক অবস্থা বরং ওমর আবদুল্লাহ ও মেহবুবা মুফতির কাজে লাগবে, তাঁরা আরও বেশি করে ভোট পাবেন।