কাশ্মীরে আবারও সংঘর্ষ, নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের একটি গ্রামে বিক্ষোভের সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ১২ জন। মঙ্গলবার ওই গ্রামে বিক্ষোভের সময় এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শী ও নিরাপত্তা বাহিনীর সূত্র। খবর এএফপির।

কারফিউ জারি থাকা অবস্থায় রাইপান্থন গ্রামের বাসিন্দারা রাস্তায় নেমে প্রতিবাদ করার সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা আক্রমণাত্মক আচরণ করলে সংঘর্ষের শুরু হয়। এলাকার এক বাসিন্দার ভাষ্য, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) হঠাৎ করেই গুলি চালালে এক বিক্ষোভকারী সেখানেই নিহত হন। পরে আহত অপর তিনজনও মারা যান। আহত অবস্থায় আর ১২ জনকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত চারজনের পরিচয় এখনো পাওয়া যায়নি। তবে তাঁরা সবাই যুবক।

নাম প্রকাশ না করার শর্তে এক নিরাপত্তা কর্মকর্তা এএফপিকে নিশ্চিত করেছেন যে প্রতিবাদকারীদের ওপর পুলিশের একটি টহল দল গুলিবর্ষণ করে এবং তাতে চারজন মারা গেছেন। সিআরপিএফ কমান্ডারদের সঙ্গে ওই অঞ্চলজুড়ে ধারাবাহিক সংঘর্ষ ও বন্দুকযুদ্ধে নয়জন নিহত হওয়ার এক দিন পর এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটল।

ভারতীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে শীর্ষ জঙ্গি কমান্ডার বুরহান ওয়ানি নিহত হওয়ার পর গত ৯ জুলাই থেকে ভারতের একমাত্র মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজ্য কাশ্মীরের একটি বৃহৎ অংশে কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ।

২০১০ সাল থেকে ওই এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে ৬০ জনের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যাঁদের বেশির ভাগই যুবক। ভয়াবহ এসব সহিংসতায় এ অঞ্চলে আহত হয়েছেন আরও কয়েক হাজার মানুষ।

১৯৪৭ সালে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অবসানের পর কাশ্মীর দুই ভাগে বিভক্ত হয়ে ভারত ও পাকিস্তান দুই দেশের অংশে পড়ে। কিন্তু উভয় দেশই পূর্ণ কাশ্মীরকে নিজেদের বলে দাবি করে আসছে। এটা বিচ্ছিন্নতাবাদীদের একটি উপকেন্দ্র হয়ে উঠেছে এবং কয়েকটি বিদ্রোহী গ্রুপ স্বাধীনতা বা পাকিস্তানের সঙ্গে একীভূত হওয়ার দাবিতে ভারতীয় সেনা ও পুলিশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে।