কাশ্মীরে এনআইটি সমস্যা, ছাত্র বিক্ষোভ চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাশ্মীরে ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজির (এনআইটি) ছাত্র বিক্ষোভ আজ বৃহস্পতিবারও অব্যাহত ছিল। রাজ্যের উপমুখ্যমন্ত্রী বিজেপি নেতা নির্মল সিংয়ের তদন্তের আশ্বাস সত্ত্বেও বিক্ষুব্ধ ছাত্ররা আজ ক্লাস বয়কট করেন। এনআইটি উপত্যকা থেকে অন্যত্র ‘শিফট’ করার দাবিতে তাঁরা স্লোগানও দেন।

মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি সরকারের এটাই প্রথম চ্যালেঞ্জ। উপমুখ্যমন্ত্রী নির্মল সিং জানান, গোটা ঘটনার তদন্তে তিন সদস্যের এক প্রতিনিধিদল গঠন করা হয়েছে। ১৫ দিনের মধ্যে তাদের প্রতিবেদন পেশ করতে বলা হয়েছে। বিক্ষুব্ধ ছাত্ররা অবশ্য এই আশ্বাসে শান্ত হতে রাজি নন।
কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী স্মৃতি ইরানিও গতকাল বুধবার বিক্ষোভরত ছাত্রদের আশ্বাস দিয়ে বলেন, পরীক্ষার সময় যাতে কোনো রকমের গোলমাল না হয় তা নিশ্চিত করা হবে। কেন্দ্র থেকে পর্যবেক্ষকদের পাঠানো হবে। তাঁরা পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত থাকবেন। কারও প্রতি যাতে কোনো অন্যায় ও অবিচার না হয়, তা তাঁরা নিশ্চিত করবেন। কিন্তু বিক্ষোভকারী ছাত্ররা সেই আশ্বাসেও শান্ত হননি। তাঁদের দাবি, পরীক্ষা স্থগিত রাখা হোক। তাঁদের ফিরিয়ে নিয়ে যাওয়া হোক। তারপর অন্য কোথাও পরীক্ষার ব্যবস্থা করা হোক। শ্রীনগরে তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এনআইটিতে ভারতের অন্য প্রদেশের ছাত্রদের সংখ্যা প্রায় দেড় হাজার।
টি-টোয়েন্টি বিশ্বকাপ সেমি ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে ভারতের হারকে কেন্দ্র করে গোলমাল শুরু হয়। এনআইটির স্থানীয় ছাত্ররা ভারতের হারে উল্লসিত হয়ে বাজি পোড়াতে থাকেন। দেশের অন্য প্রদেশের ছাত্ররা তার প্রতিবাদ জানান। তাঁরা ‘ভারত মাতা কি জয়’, ‘ভারত জিন্দাবাদ’ স্লোগান দেন। অভিযোগ, ইনস্টিটিউটের বাইরে মিছিল করতে গেলে স্থানীয় পুলিশ এই সময় তাঁদের লাঠিপেটা করে। স্থানীয় ছাত্ররা স্বাধীন কাশ্মীর ও পাকিস্তানপন্থী স্লোগান দেন। বেড়ে যায় রেষারেষি। সেই রেশ এখনো অব্যাহত। এনআইটিতে ভারতের অন্য প্রদেশের ছাত্রসংখ্যা প্রায় দেড় হাজার।