কাশ্মীরে কিশোর হত্যায় নয় সেনা জড়িত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যে দুই কিশোরকে গুলি করে হত্যার ঘটনায় নয় সেনা দায়ী বলে জানিয়েছে সামরিক তদন্ত দল। খবর এনডিটিভির।
অভিযুক্ত সেনাসদস্যরা গত ৩ নভেম্বর বাদগাম জেলায় একটি ব্যক্তিগত গাড়িতে গুলি চালিয়েছিলেন। এতে ঘটনাস্থলেই ১৫ ও ১৭ বছর বয়সী দুই কিশোরের মৃত্যু হয়। গাড়িতে গুলি চালানোর বিষয়টি সেনাদের ‘ভুল’ ছিল বলে সেনাবাহিনী এর আগে স্বীকার করেছিল। গাড়িটির আরোহী পাঁচ কিশোর আশুরার মিছিল শেষে বাড়ি ফিরছিল। সেনাবাহিনী বলেছে, সংকেত দেওয়ার পরও গাড়িটি না থামায় সন্ত্রাসবাদী ভেবে গুলি চালানো হয়। নিহত দুই কিশোরের পরিবারের অভিযোগ, কোনো ধরনের সতর্কতা বা উসকানি ছাড়াই গাড়িটিতে গুলি চালানো হয়েছিল।
ঘটনার এক মাসেরও কম সময়ের মধ্যে তদন্তের ভিত্তিতে সামরিক আদালতের রায় দেওয়ার ব্যাপারটিকে একটি শক্তিশালী রাজনৈতিক বার্তা বলে বিবেচনা করা হচ্ছে।