কাশ্মীরে গুলিতে চার বিচ্ছিন্নতাবাদী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে আধা সামরিক বাহিনী সিআরপিএফের ক্যাম্পে হামলা চালানো সন্দেহভাজন চার বিচ্ছিন্নতাবাদী গুলিতে নিহত হয়েছে। তারা আত্মঘাতী হামলাকারী দলের সদস্য।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন বলা হয়, আজ সোমবার সকালে জম্মু-কাশ্মীরের বান্দিপোরা জেলার সুম্বল এলাকায় এ ঘটনা ঘটে।

সেন্ট্রাল পুলিশ রিজার্ভ ফোর্স বা সিআরপিএফের একজন মুখপাত্র ভবেশ চৌধুরী বলেন, আজ ভোরে বন্দুকধারী হামলাকারীরা ক্যাম্পের বাইরে গ্রেনেড ছুড়েছে। এ ছাড়া তারা দূরনিয়ন্ত্রিত অস্ত্রেরও বিস্ফোরণ ঘটিয়েছে। তারা আসলে ক্যাম্পটি উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু তারা কোনোভাবেই ক্যাম্পের ভেতরে ঢুকতে পারেনি।

ভবেশ চৌধুরী বলেন বলেন, ‘চারজন হামলাকারীই আত্মঘাতী পোশাক পরা ছিল। পরে সেনা অভিযান পরিচালনা করা হয়। সেখানে গুলিতে ওই চারজন নিহত হয়। আমাদের কেউ হতাহত হয়নি। নিহত ব্যক্তিদের কাছ থেকে রাইফেল, গ্রেনেড ও গুলি জব্দ করা হয়েছে। তাদের পরিচয় এখনো জানা যায়নি।’

এ ঘটনায় কোনো পক্ষ এখনো দায় স্বীকার করেনি।

পুলিশের মহাপরিচালক শেষপাল (এসপি) বেদ বলেন, হামলাকারীরা প্রচুর পরিমাণে বিস্ফোরক নিয়ে এসেছিল।