কাশ্মীরে জঙ্গি ও চর গ্রেপ্তার
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী সাতজন পাকিস্তানি রেঞ্জারস হত্যা করার দাবির পরদিনই কাশ্মীরের বারামুলা অঞ্চল থেকে গতকাল শনিবার গ্রেপ্তার করা হয় জইশ এ মোহাম্মদের দুই জঙ্গিকে। তাদের কাছ থেকে একটি একে-৪৭ স্বয়ংক্রিয় রাইফেল, রিভলবার, গ্রেনেড, গুলি ও অন্য অস্ত্র উদ্ধার করা হয়েছে। রাজ্য পুলিশ ও সেনাবাহিনীর যৌথ তল্লাশিতে এই সাফল্য বলে সরকারিভাবে জানানো হয়।
জঙ্গি গ্রেপ্তারের পাশাপাশি সাম্বা সেক্টর থেকে এক পাকিস্তানি চরকেও ধরা হয়েছে। পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির নাম বোধরাজ। তিনি সীমান্ত পেরিয়ে পালানোর চেষ্টা করছিলেন। বোধরাজের কাছ থেকে দুটি পাকিস্তানি সিম কার্ড ও সেনা মোতায়েনের ম্যাপ পাওয়া যায় বলে পুলিশ জানায়।
শুক্রবার গভীর রাতে এই যৌথ তল্লাশিতে অংশ নেন রাষ্ট্রীয় রাইফেলস ও স্পেশাল অপারেশন গ্রুপের জওয়ানেরা। তল্লাশি চালানো হয় বাড়ি বাড়ি। পুলিশ জানায়, এই তল্লাশিতে সাধারণ মানুষের কাছ থেকে আশাতীত সহযোগিতা মেলে।
দুই দিন আগে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী প্রশাসনিক স্তরে ব্যাপক রদবদল করেন। রাজ্য সরকারের ১২ জন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়। অভিযোগ, তাঁরা জঙ্গি দমনে সাহায্য করছিলেন না। বিক্ষোভকারীদেরও নানাভাবে মদদ দিচ্ছিলেন। ওই পদক্ষেপের সঙ্গে সঙ্গে মেহবুবা মুফতি নিরাপত্তারক্ষীদের উদ্দেশে বলেছিলেন, বিপথে চালিত কাশ্মীরি যুবাদের মূল স্রোতে ফিরিয়ে আনতে পুলিশ ও সেনানিদের উদ্যোগ হতে হবে। এরপরই নিরাপত্তারক্ষীদের পরপর সাফল্য।
জম্মু-কাশ্মীরের হীরানগর সেক্টরে গত শুক্রবার বিএসএফের গুলিতে সাত পাকিস্তানি রেঞ্জারস নিহত হয় বলে সীমান্তরক্ষী বাহিনী দাবি করছিল। পাকিস্তান জানায়, সেই দাবি অসত্য। বিএসএফ ওই দিন রাতেই তোলা একটা ছবি শনিবার প্রকাশ করে। ছবিতে দেখা যাচ্ছে, পাকিস্তান থেকে ছয়জন সশস্ত্র জঙ্গি সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছে। ছবির ‘থারমাল ইমেজে’ দেখা যাচ্ছে, জঙ্গিরা বিএসএফের ঘাঁটি লক্ষ্য করে গ্রেনেড ও গুলি ছুড়ছে। বিএসএফ পাল্টা জবাব দিলে তারা পালাচ্ছে। সরকারিভাবে বলা হয়েছে, কুড়ি মিনিট ধরে এই আক্রমণ ও প্রতি-আক্রমণ চলে।
বিএসএফের পক্ষ থেকে বলা হয়, গত বুধবার থেকে হঠাৎই জম্মু-কাশ্মীরের বিভিন্ন সেক্টরে পাকিস্তানি রেঞ্জারস আক্রমণাত্মক হয়ে ওঠে। জম্মু থেকে ৯০ কিলোমিটার দূরে কাঠুয়ায় তাদের গুলিতে বিএসএফের এক জওয়ান গুরনাম সিং আহত হন। তারপরই বিএসএফ পাল্টা গুলি চালায় পাক রেঞ্জারসের ওপর। মারা যান সাতজন। উরি আক্রমণের পর সেনা ও সব নিরাপত্তারক্ষী বাহিনীকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নির্দেশ দিয়েছেন, প্রতিটি আক্রমণের জবাব যেন জোরালোভাবে দেওয়া হয়।