কাশ্মীরে জঙ্গি-সেনা 'ইঁদুর-বিড়াল খেলা'
ভারতের কাশ্মীরে আধা সামরিক বাহিনীর বহরে হামলার পর একটি ভবনে ঢুকে পড়া জঙ্গিদের পাকড়াও করা নিয়ে গতকাল রোববার কার্যত ‘ইঁদুর-বিড়াল’ খেলা চলে। বিভিন্ন ধরনের নিরাপত্তা বাহিনীর সদস্যরা চারদিক থেকে ভবনটি ঘিরে রাখলেও জঙ্গিদের গুলির মুখে ভেতরে ঢুকতে পারছিল না। সকালে ভবনে ঢোকার চেষ্টা করতে গিয়ে জঙ্গিদের গুলিতে সেনাবাহিনীর এক ক্যাপ্টেন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন আরও একজন। খবর এনডিটিভির।
এ ঘটনায় দুই দিনে চার নিরাপত্তা বাহিনীর সদস্য ও একজন বেসামরিক লোক নিহত হয়েছেন। কর্মকর্তারা গতকাল সন্ধ্যায় বলেন, জঙ্গিদের পাকড়াও করতে আরও কিছু সময় লাগতে পারে।
শনিবার পাম্পোর এলাকায় শ্রীনগর-জম্মু সড়কের ওপরে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) একটি বহরে হামলা চালায় জঙ্গিরা। হামলায় নিহত হন তিন জওয়ান ও একজন স্থানীয় বাসিন্দা। আহত হন ১০ জন। জওয়ানেরা পাল্টা গুলি চালালে পাশের একটি সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ঢুকে পড়ে জঙ্গিরা। সেখানে শ খানেক শিক্ষার্থী ও কর্মচারী ছিলেন। জঙ্গিরা তাঁদের জিম্মি করতে পারে—এই আশঙ্কায় দ্রুত ভবন খালি করার কাজ শুরু করে নিরাপত্তা বাহিনী। শেষ পর্যন্ত সবাইকে বের করা গেছে বলে দাবি করেন জম্মু-কাশ্মীর পুলিশের মহাপরিচালক কে রাজেন্দ্র।
কর্মকর্তারা বলেছেন, প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, ওই ভবনে তিন থেকে চারজন জঙ্গি আশ্রয় নিয়ে আছে। শনিবার থেকেই ভবনটি ঘিরে রেখে জঙ্গিদের জীবিত কিংবা মৃত অবস্থায় পাকড়াও করতে চেষ্টা চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। সিআরপিএফের পাশাপাশি সেনা ও জম্মু-কাশ্মীর পুলিশও অভিযানে নেমেছে।
গতকাল সেনাবাহিনীর মুখপাত্র এন এন যোশি এএফপিকে বলেন, সকালে কয়েকজন সেনা ভবনটির ভেতরে ঢোকার চেষ্টা করেন। হঠাৎ করেই ভবনে আশ্রয় নেওয়া জঙ্গিরা গুলি চালায়। এতে পবন কুমার নামের একজন তরুণ ক্যাপ্টেন গুলিবিদ্ধ হন এবং কিছুক্ষণ পরই মারা যান। এ সময় ওম প্রকাশ নামের আরেক জওয়ান গুলিবিদ্ধ হন। তাঁর অবস্থাও আশঙ্কাজনক।
এই হামলার সঙ্গে কোন জঙ্গিগোষ্ঠী জড়িত, সে বিষয়ে সরকারি কর্মকর্তারা এখনো নিশ্চিত হতে পারেননি।