কাশ্মীরে জলবিদ্যুৎ প্রকল্প ত্বরান্বিত করছে ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতশাসিত কাশ্মীরে সাম্প্রতিক সন্ত্রাসী হামলা নিয়ে পাকিস্তানের সঙ্গে উত্তেজনার পর সিন্ধু পানি চুক্তি পর্যালোচনার হুমকি দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর ধারাবাহিকতায় কাশ্মীরে একটি জলবিদ্যুৎ প্রকল্পের কাজ ত্বরান্বিত করেছে ভারত।
পাকিস্তানের আপত্তি সত্ত্বেও ১ হাজার ৫০০ কোটি ডলারের এই প্রকল্প শেষ করতে তোড়জোড় শুরু করেছে ভারত। বার্তা সংস্থা রয়টার্সকে এমনটাই জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় এবং প্রাদেশিক পর্যায়ের তিন কর্মকর্তা।
ভারতশাসিত কাশ্মীরে বর্তমানে ছয়টি জলবিদ্যুৎ প্রকল্প পরীক্ষামূলক কিংবা পরিবেশগত প্রভাব সমীক্ষার পর্যায়ে রয়েছে। এর মধ্যে চেনাব নদীর ওপর কয়েকটি প্রকল্প রয়েছে। এই নদী দিয়ে সিন্ধুর পানি পাকিস্তানে গড়ায়।
বর্তমানে ভারতশাসিত জম্মু ও কাশ্মীর রাজ্যে তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়। নতুন প্রকল্পগুলো বাস্তবায়িত হলে তিন গুণ বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে। ভারতের কেন্দ্রীয় পানিসম্পদ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, চেনাব নদীতে যে পরিমাণ জলবিদ্যুৎ উৎপাদন করা সম্ভব, ভারত গত পাঁচ দশকে এর মাত্র ছয় ভাগের এক ভাগ উৎপাদন করেছে।
সিন্ধু পানি চুক্তি পর্যালোচনার ভারতীয় উদ্যোগের বিষয়ে নিজেদের আপত্তির কথা বিশ্বব্যাংকের কাছে তুলে ধরেছে পাকিস্তান। তাদের দাবি, এই নদীর পানির ওপর ভিত্তি করে স্থানীয় ৮০ ভাগ চাষাবাদ হয়। বিশ্বব্যাংকের মধ্যস্থতায় ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু পানি চুক্তি হয়।
গত বছর কাশ্মীরের উরি সেনাশিবিরে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর এক জরুরি বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জোর দিয়ে বলেন, রক্ত ও পানি একই সঙ্গে বইতে পারে না।