কাশ্মীরে জোট সরকার গঠনের জট কাটছে?
ভারতে জম্মু-কাশ্মীরে সরকার গঠন নিয়ে অচলাবস্থা সম্ভবত কাটতে চলেছে। গতকাল মঙ্গলবার পিডিপির নেত্রী মেহবুবা মুফতির সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আধঘণ্টা বৈঠকের পর আরও একবার জোট সরকার গঠনের সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছে। কারণ, বৈঠক শেষে অপেক্ষমাণ সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেহবুবা বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক অত্যন্ত ইতিবাচক। বৃহস্পতিবার পরিষদীয় দলের বৈঠক ডেকেছি।’
গত জানুয়ারিতে পিডিপি-বিজেপি জোট সরকারের মুখ্যমন্ত্রী মুফতি মুহম্মদ সাঈদের মৃত্যুর পর থেকে রাজ্যে রাজনৈতিক অচলাবস্থার শুরু। মুফতি-কন্যা মেহবুবা মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে অস্বীকৃতি জানান। ফলে বিধানসভা না ভেঙে রাজ্যে রাজ্যপালের শাসন জারি করা হয়। মেহবুবার দাবি, জোট সরকার গঠনের সময় কেন্দ্রীয় স্তরে যে প্রতিশ্রুতিগুলো দেওয়া হয়েছিল, তা পালিত হয়নি। এই প্রতিশ্রুতিগুলো নিয়ে (এজেন্ডা অব অ্যালায়েন্স) কেন্দ্রীয় সরকারের প্রতিশ্রুতি না পেলে তাঁর পক্ষে সরকার গঠন সম্ভব নয়।
তিন মাস ধরে এ নিয়েই টালবাহানা চলছে। এই পরিস্থিতিতে রাজ্যপাল এন এন ভোরা সরকার গঠন বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের অভিমত জানতে চান। রাজ্য বিধানসভার ৮৭ সদস্যের অধিকাংশই নতুন নির্বাচনের পক্ষপাতী নন। বিজেপিও নতুনভাবে কোনো প্রতিশ্রুতি দিতে রাজি নয়। গত সপ্তাহে মেহবুবা দিল্লি আসেন। দেখা করেন প্রথমে বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক রাম মাধব এবং পরে সভাপতি অমিত শাহর সঙ্গে। দুজনের কেউই নতুন কোনো প্রতিশ্রুতি দিতে অস্বীকৃতি জানান। দিল্লি থেকে শ্রীনগর ফিরে যান মেহবুবা। কিন্তু গত সোমবার তিনি আবার দিল্লি আসেন প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে। সোমবারই কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি বলেন, সরকার গঠনের সময় প্রশাসনিক যে সিদ্ধান্তগুলো গৃহীত হয়েছিল, সেগুলো রূপায়ণে দল সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ। জেটলির এই মন্তব্যের পর গতকাল মঙ্গলবার মোদির সঙ্গে কথা বলে মেহবুবা সরকার গঠন সম্পর্কে ইতিবাচক ইঙ্গিত দেন। বৈঠক থেকে বেরিয়ে অপেক্ষারত সাংবাদিকদের তিনি বলেন, আলোচনা যখন ইতিবাচক হয়, তখন রাজ্যের মানুষদের সমস্যা সমাধানের পথও প্রশস্ত হয়।
জম্মু-কাশ্মীর বিধানসভায় পিডিপির সদস্যসংখ্যা ২৭, বিজেপির ২৫। বিজেপি সরকারে থাকতে আগ্রহী, ন্যাশনাল কংগ্রেস ও কংগ্রেসের কেউই নতুন করে নির্বাচনের পক্ষে নয়। পিডিপির অধিকাংশেরও অভিমত তাই। কিন্তু বিজেপির সঙ্গে শর্তহীন সরকারে যেতে ঘোর আপত্তি মেহবুবার। তাঁর দলের একটা বড় অংশ আবার সরকারে থাকতে চাপ সৃষ্টি করে আসছে। এই অচলাবস্থার মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে মেহবুবা আরও একবার জোট সরকার গঠন নিয়ে ইতিবাচক ইঙ্গিতই দিয়ে গেলেন। তবে তা নির্ভর করছে বৃহস্পতিবারের পরিষদীয় দলের বৈঠকের ওপর। সেই বৈঠকেই মেহবুবা পরিষদীয় নেত্রী হিসেবে নির্বাচিত হবেন বলে মনে করা হচ্ছে।