কাশ্মীরে তিন বিচ্ছিন্নতাবাদী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে গতকাল রোববার নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে সন্দেহভাজন তিন বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে। কাশ্মীরের শ্রীনগরের উত্তরের ট্যাংধর এলাকায় এ ঘটনা ঘটে।
ভারতীয় সেনাবাহিনী দাবি করেছে, নিহত বিচ্ছিন্নতাবাদীরা পাকিস্তান থেকে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছিল। সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল এন এন জোশি বলেন, ‘বন্দুকযুদ্ধে তিন সন্ত্রাসী নিহত হয়েছে। এ সময় তিনটি রাইফেল উদ্ধার করা হয়।’
গত মাস থেকে সেনা, পুলিশসহ বিভিন্ন বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সহিংসতা চলছে কাশ্মীর উপত্যকায়। গত মাসে বুরহান ওয়ানি নামে বিচ্ছিন্নতাবাদী সংগঠন হিজবুল মুজাহিদীনের এক নেতা নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হওয়ার পর এ বিক্ষোভ শুরু হয়। এরপর থেকে সংঘর্ষে ৬০ জনেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হন। আহত হন কয়েক হাজার মানুষ।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের স্বাধীনতা বা পাকিস্তানের সঙ্গে এ অঞ্চলের একত্র করার দাবিতে হিজবুল মুজাহেদীনসহ বেশ কয়েকটি বিদ্রোহী সশস্ত্র দল লড়াই করছে। ১৯৮৯ সালে কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র আন্দোলন শুরুর পর থেকে বেশ কয়েক হাজার মানুষ নিহত হয়েছে।