কাশ্মীরে পতাকা নিয়ে বিতর্কিত প্রজ্ঞাপন পরদিনই প্রত্যাহার
ভারতশাসিত কাশ্মীরের মুফতি মোহাম্মদ সাঈদের নেতৃত্বাধীন পিডিপি-বিজেপি জোট সরকার রাজ্যের পতাকা নিয়ে বিতর্কিত একটি আদেশ জারি করার এক দিন পরই প্রত্যাহার করে নিয়েছে। কংগ্রেস দলের ক্ষোভের কারণেই রাজ্য সরকার গতকাল শনিবার এ সিদ্ধান্ত নেয়। খবর এনডিটিভির।
ভারতের জাতীয় পতাকার পাশাপাশি জম্মু-কাশ্মীর রাজ্যের পতাকা ‘যথাযথ মর্যাদার সঙ্গে ওড়ানোর’ বাধ্যবাধকতা রেখে গত বৃহস্পতিবার একটি প্রজ্ঞাপন জারি করা হয়। ভারতের অন্য রাজ্যগুলোর সঙ্গে ব্যতিক্রম হিসেবে বিশেষ মর্যাদার কারণে জম্মু-কাশ্মীরের একটি পৃথক সংবিধান এবং আলাদা পতাকা রয়েছে।
রাজ্যের উপমুখ্যমন্ত্রী ও বিজেপির নেতা নির্মল সিং বলেন, রাজ্যের পতাকা নিয়ে প্রজ্ঞাপন জারি করায় তিনি এবং মুখ্যমন্ত্রী মুফতি সাঈদ বিস্মিত। তাঁরা জানেন না, কারা এটা করেছে। আর সে কারণেই আদেশটি প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
বিষয়টি তদন্ত করে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে রাজ্য সরকার ঘোষণা করেছে।
প্রজ্ঞাপনটির বিরোধিতা করে বিরোধী দল কংগ্রেস বলেছে, পিডিপি সরকার প্রথম দিন থেকেই কলকাঠি নাড়ছে। তারা কাশ্মীরে বিশেষ উদ্দেশ্য বাস্তবায়ন করতে চায়। বিজেপিও মৌলিক আদর্শের সঙ্গে আপস করেছে বলে মনে হচ্ছে। তারা পিডিপির কাছে আত্মসমর্পণ করেছে।
পতাকা নিয়ে বিতর্কিত এই প্রজ্ঞাপন জারির প্রতিক্রিয়া প্রসঙ্গে জোট সরকারের অংশীদার এবং কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি বলছে, কিছু রাজনৈতিক দল ‘তুচ্ছ বিষয়’ নিয়ে মাতামাতি করছে।
রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বলেছেন, প্রজ্ঞাপন প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্তটি ‘সঠিক’ এবং ‘সময়োপযোগী’।