কাশ্মীরে পিডিপি নেতা খুন

ভারতের জম্মু-কাশ্মীরের ক্ষমতাসীন দল পিপলস ডেমোক্রেটিক পার্টির (পিডিপি) নেতা আবদুল গনি দার গতকাল সোমবার গুলিতে খুন হয়েছেন। কাশ্মীরে গত কয়েক সপ্তাহের মধ্যে রাজনীতিকদের ওপর এটি তৃতীয় হামলার ঘটনা।
পিডিপির পুলওয়ামা শাখার প্রেসিডেন্ট আবদুল গনি দার নিজের গাড়িতে করে যাওয়ার সময় খুন হন। পিংলানা এলাকায় তাঁর বুকে পরপর তিনটি গুলি করে সন্ত্রাসীরা। এ সময় তাঁর সঙ্গে পুলিশের দুটি গাড়িও ছিল। পিডিপি নেতাকে তাৎক্ষণিক শ্রীনগরের একটি হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি।
এদিকে গতকাল সকালেই জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী পিডিপি প্রধান মেহবুবা মুফতি রাজ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেন। মেহবুবা মুফতি প্রধানমন্ত্রীকে বলেন, বিদ্যমান উত্তেজনাকর পরিস্থিতিতে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে আলোচনা করা সম্ভব নয়।
এএফপি জানায়, কাশ্মীরের স্বাধীনতার দাবিতে গতকাল শ্রীনগরে ছাত্র বিক্ষোভ হয়। বিক্ষোভকারীরা ভারতবিরোধী স্লোগান দেন। তাঁদের ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জলকামান ও টিয়ার গ্যাস ব্যবহারের পাশাপাশি পাঁচটি গুলি ছোড়ে।